পুতিনের যন্ত্রণাদায়ক মৃত্যু কামনা ম্যানসিটি ফুটবলারের
রাশিয়ান সেনাদের ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে পুরো বিশ্বই এখন উত্তাল। যার প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও। বিশেষ করে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার অ্যালেক্সান্ডার জিনচেঙ্কো তো বেজায় খেপেছেন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক মৃত্যু কামনা করেছেন তিনি।
অবশ্য পুতিনের ভয়ঙ্কর মৃত্যু কামনা করা খুব স্বাভাবিকই ইউক্রেনে জন্ম নেওয়া জিনচেঙ্কোর জন্য। দেশটির ফুটবল দলের অধিনায়কও তিনি। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'আমি আশা করি তোমার সবচেয়ে বেদনাদায়ক ও যন্ত্রণাদায়ক মৃত্যু যেন হয়, জানোয়ার।'
তবে পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের আন্তর্জাতিক সেন্সরশিপের একটি পদক্ষেপে ইনস্টাগ্রামে দেওয়ার তার পোস্ট মুছে দিয়েছে বলে দাবি করেছেন জিনচেঙ্কো। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলকে এমনটাই জানিয়েছেন এ ডিফেন্ডার।
রাজনৈতিক ইস্যুতে কথা বলা অবশ্য এবারই প্রথমবার নয় যে ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়ের। আগের দিনও নিজ দেশকে সমর্থন জানিয়ে লিখেছিলেন, 'আমার দেশের পরিস্থিতি নিয়ে গোটা সভ্য বিশ্ব চিন্তিত। আমি পিছিয়ে থাকতে পারি না। ছবিতে - আমার দেশ, যে দেশে আমার জন্ম এবং বেড়ে ওঠা। একটি দেশ যার রঙ আমি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বহন করি। একটি দেশ যার সীমানা অলঙ্ঘনীয় থাকতে হবে। আমার দেশ ইউক্রেনীয়দের অন্তর্গত এবং অন্য কেউ নয়। আমরা হাল ছেড়ে দেব না! জয় হোক ইউক্রেনের।'
বৃহস্পতিবার দিনের শুরুতে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে হামলা শুরু করে তারা। বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা বা গোলাবর্ষণ করে। এ হামলায় এখন পর্যন্ত ৪০ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।