প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আর্জি মারিয়াদের
ভার্চুয়ালি দেখা পেয়েছেন প্রধানমন্ত্রীর। কিন্তু তাতে তৃষ্ণা মিটেনি মারিয়া মান্ডাদের। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখার আবদার করেছেন তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন আর্জিই করেছেন অনূর্ধ্ব-১৯ মহিলা দলের খেলোয়াড়রা।
রোববার অর্থনীতি সম্পদ বিভাগের পক্ষ থেকে আয়োজিত 'উন্নয়নশীল দেশের উত্তরণ উদযাপন অনুষ্ঠান' শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা দলের খেলোয়াড়দের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসির কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন। এছাড়াও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সে অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষ থেকে অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে আমাদের দেখা হয়নি। আমাদের খুব ইচ্ছা আমরা চ্যাম্পিয়নরা আমাদের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এর সঙ্গে একবার দেখা করবো। নিশ্চয়ই আপনি আমাদের আপনাকে স্বশরীরে ধন্যবাদ দেওয়ার সুযোগটা করে দিবেন।'
নারীদের এগিয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশংসা করেন অধিনায়ক, 'মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দল, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে, আমরাও আপনার কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছি, দেশের হয়ে খেলতে পেরেছি এবং সবচেয়ে বড় ব্যাপারে আমরা আপনার জন্য চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে এসেছি।'
গত ২২ ডিসেম্বর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।