ফিনালিসিমা জিতে কোপা আমেরিকা ট্রফি উপহার পেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে একটি ট্রফির জন্য কতোই না হাহাকার করেছেন লিওনেল মেসি। তিন তিনটি ফাইনাল হারের পর অবশেষে গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে গেঁড়ো খোলে তার। এর ১০ মাস পার না হতেই হাতে ওঠে আরেকটি ট্রফি। তবে ফিনালিসিমার সে ম্যাচ জয়ের পর তাকে কোপা আমেরিকা ট্রফির একটি রেপ্লিকা উপহার দিয়েছে ল্যাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোর শিরোপাধারী ইতালিকে। প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ল্যাতিন আমেরিকার দলটি। লক্ষ্যভেদ করেন লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া। এরপর দ্বিতীয়ার্ধের এক চেটিয়া ফুটবলের পর শেষদিকে বদলি নামা পাওলো দিবালা বাড়ান জয়ের ব্যবধান।

তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ম্যাচ সেরা মেসিই। ম্যাচ শিরোপা উদযাপনের পর তাকে চমকে দেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েজ। কোপা আমেরিকার একটি ট্রফি নিয়ে হাজির। যা শুধুই মেসির জন্য। হাতে তুলে দেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার হাতে। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠেই তাদের হারিয়ে এ শিরোপা জিতেছিলেন এ পিএজসি তারকা।

পরে সামাজিকমাধ্যমে আলবিসেলেস্তা অধিনায়কের সঙ্গে সেই ট্রফি সহ ছবি আপলোড করেছেন কনমেবল প্রেসিডেন্ট। আরও একটি ছবিতে ছিলেন চিকি তাপিয়াও। সেখানে ক্যাপশন দিয়ে লিখেছেন, 'লিও মেসির হাতে কোপা আমেরিকার রেপ্লিকা তুলে দেওয়া অনেক আনন্দের ব্যাপার, যা সে সবশেষ আসরে আর্জেন্টিনার হয়ে জিতেছিল।'

ইতালির বিপক্ষে উচ্ছ্বসিত পারফরম্যান্সের পর আর্জেন্টিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন ডমিঙ্গুয়েজ। এ ধারায় ফুটবল খেলতে থাকলে বিশ্বকাপেও ভালো কিছু হবে বলে মনে করেন তিনি, 'আলবিসেলেস্তারা যদি এই ধরণের উচ্চ মানের ফুটবল চালিয়ে যায় তাহলের বিশ্বকাপেও তারা মূল চরিত্র হবে।'