ফেরানের সংগ্রামের সঙ্গে সুয়ারেজের মিল খুঁজে পাচ্ছেন জাভি
লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মানিয়ে নিতে সময় লাগছিল লুইস সুয়ারেজের। প্রথম দিকে ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করতে হচ্ছিল উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারকে। সবশেষ শীতকালীন দলবদলে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়া ফেরান তরেসও ভুগছেন একইভাবে। তবে স্প্যানিশ দলটির কোচ জাভি হার্নান্দেজের আশা, সুয়ারেজের মতো ফেরানও ফর্মে ফিরে অনেক বছর ধরে খেলবেন বার্সায়।
বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের শেষ বত্রিশের ম্যাচে নিজেদের মাঠে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বল দখল আর আক্রমণে দাপট দেখালেও দুর্বল ফিনিশিংয়ের কারণে ভুগতে হয়েছে তাদের। যার ওপর এই দায় সবচেয়ে বেশি বর্তায়, তিনি স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান। প্রতিপক্ষের জালে বল পাঠানোর নয়টি প্রচেষ্টা চালান তিনি। কিন্তু কেবল একটিই ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯তম মিনিটে তার সফল পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিকরা। এর আগে প্রথমার্ধের ২৯তম মিনিটে তারা পিছিয়ে পড়েছিল নাপোলির পিওতর জিয়েলিন্সকির গোলে।
লিভারপুলে নিজের শেষ মৌসুমে ৩১ গোল করেছিলেন বর্তমানে অ্যাতলেতিকো মাদ্রিদে খেলা সুয়ারেজ। ২০১৪-১৫ মৌসুমে বার্সায় নাম লিখিয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে জাল খুঁজে নিয়েছিলেন ২৫ বার। তবে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা এই তারকার শুরুটা ছিল না স্বস্তির। প্রথম আট ম্যাচে কেবল একবার নিশানা ভেদ করতে পেরেছিলেন তিনি। অন্যদিকে, ৫৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় পাড়ি জমানো ফেরান এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ছয় ম্যাচ খেলে করেছেন দুই গোল।
নাপোলিকে হারাতে ব্যর্থ হওয়ার পর ফেরানের পারফরম্যান্স নিয়ে জাভি বলেছেন, 'এখন আমরা ড্রেসিং রুমে তুলনা করা শুরু করেছি। লুইস সুয়ারেজের সঙ্গেও এমনটা ঘটেছিল। প্রথম কয়েকটি মাসে মনে হচ্ছিল যে সে গোলই করতে পারে না। বার্সার জার্সির ওজন তুলনামূলকভাবে একটু বেশি। তবে সে (ফেরান) যেভাবে ঠাণ্ডা মাথায় পেনাল্টিটি নিয়েছে এবং দলের জন্য পরিশ্রম করেছে, সে আগামী অনেক বছর বার্সায় খেলবে বলে আমি আশা করি।'
ক্যাম্প ন্যুতে নাপোলির সঙ্গে ড্র করে ইউরোপা লিগের শেষ ষোলোতে ওঠার পথ বন্ধুর হয়ে গেছে বার্সেলোনার। আগামী বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। ইতালিয়ান ক্লাব নাপোলির মাঠে জাভির শিষ্যদের সামনে নিঃসন্দেহে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।