ফোনে বার্সেলোনা প্রসঙ্গে কাকে কী বললেন লেভানদোভস্কি?
ফুটবল বিশ্বে এখন আলোচনার সবচেয়ে বড় নাম রবার্ট লেভানদোভস্কি। আগামী গ্রীষ্মেই বায়ার্ন মিউনিখ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও এখনও নিশ্চিত হয়নি কোন ক্লাবে যাচ্ছেন তিনি। তবে গুঞ্জন বার্সেলোনাকে নিয়ে। আর সে গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড।
ঘটনাটি উলফসবার্গের বিপক্ষে ম্যাচের আগের দিন। অনুশীলন শেষে ড্রেসিং রুমে যান লেভা। এ সময়ে মৃদু কণ্ঠে ফোনে কথা বলতে থাকেন তিনি। তবে কথা বলছিলেন পোলিশ ভাষায়। স্বাভাবিকভাবেই বায়ার্নে আর কোনো পোলিশ খেলোয়াড় না থাকায় কারো কিছু বোঝার কথা নয়। তবে কিছু শব্দ বুঝতে পেরেছেন তার পাশে থাকা এক সতীর্থ।
বারবারই 'এফসি বার্সেলোনা' উচ্চারণ করেছেন লেভানদোভস্কি। বিল্ডের কাছে এ দৃশ্য বর্ণনা করেছেন বিল্ডের এক সূত্র। তবে ঠিক কার সঙ্গে, কী প্রসঙ্গে কথা বলেছেন তা জানাতে পারেনি সে সূত্র। ধারণা করা হচ্ছে, নিজের এজেন্টের সঙ্গে কথা বলছিলেন সদ্যই ৩৪ বছরে পা দেওয়া এ ফরোয়ার্ড।
আর উলফসবার্গের বিপক্ষে সে ম্যাচ শেষেই বায়ার্নকে বিদায় জানিয়ে দেন লেভা। এরপরই দুই দুইয়ে চার মিলিয়ে বিল্ডকে সে ঘটনার কথা তুলে ধরে সে সূত্র। তবে জার্মান ক্লাবটির সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে লেভার। আর বায়ার্নও তাকে বিক্রি করতে প্রস্তুত নয়।
এদিকে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী চলতি মৌসুমে বার্সেলোনার মূল লক্ষ্য বায়ার্নের এ গোলমেশিন লেভানদোভস্কি। চলতি মৌসুমেও বায়ার্নের হয়ে ৫০টি গোল করেছেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে থেকে ধারাবাহিকভাবেই ক্লাবটির হয়ে ৪০টির বেশি গোল করে আসছেন এ পোলিশ তারকা।
মূলত লক্ষ্যভেদে সাম্প্রতিক সময়ের সমস্যা দূর করতেই লেভাকে টার্গেট করেছে কাতালানরা। ২০০৪-০৫ মৌসুমের পর এবারই সবচেয়ে কম গোল করতে পেরেছে বার্সা। এ মৌসুমে এখন পর্যন্ত ৮৬টি গোল দিয়েছে দলটি। যার মধ্যে লা লিগায় করেছেন ৬৮ গোল। ২০১৪-১৫ মৌসুমের পর তাদের গোল সংখ্যা কমতে শুরু করে। সেবার ১৭৩টি গোল দেয় দলটি। এরপর ১৭১, ১৪১, ১৩৮, ১১০ এবং এ মৌসুমে ৮৬ গোল।