'বসে বসে আরাম করার জন্য বার্সেলোনায় আসিনি'

স্পোর্টস ডেস্ক

বয়স ৩৮ ছাড়িয়ে গেছে। এই বয়সের আগেই অনেক পেশাদার ফুটবলার ইতি টেনে দেন ক্যারিয়ারের। কিন্তু দানি আলভেস খেলে চলেছেন। কেবল ক্লাব পর্যায়ে নয়, জাতীয় দল ব্রাজিলের প্রতিনিধিত্বও করছেন তিনি। সম্প্রতি চমক জাগিয়ে তিনি ফিরেছেন পুরনো ক্লাব বার্সেলোনাতে। এই দফায় তাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আলভেস বলেছেন, তিনি স্পেনের ক্লাবটিতে যোগ দিয়েছেন খেলার জন্য, আরাম করার জন্য নয়।

গত শুক্রবার নিজেদের ওয়েবসাইটে আলভেসকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে বার্সা। চলতি মৌসুমের বাকি অংশের জন্য তাকে দলে টানা হয়েছে। তবে স্প্যানিশ লা লিগার নিয়ম অনুসারে, আগামী বছরের জানুয়ারির আগে কাতালানদের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার।

আগের দিন বুধবার বার্সেলোনার সমর্থকদের সামনে উপস্থাপন করা হয় আলভেসকে। তাকে দেওয়া হয়েছে ৮ নম্বর জার্সি। সেসময় তার সঙ্গে ছিলেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে দেখতে ক্যাম্প ন্যুতে উপস্থিত হয়েছিলেন ১০ হাজারের বেশি ফুটবলপ্রেমী।

কেবল স্কোয়াড বড় করতে ফেরেননি আলভেস। সতীর্থদের সঙ্গে স্বাস্থ্যকর লড়াইয়ের মাধ্যমে একাদশে জায়গা করে নিতে চান তিনি, 'আমার জন্ম হয়েছে জেতার জন্য। কেবল বসে বসে আরাম করার জন্য আমি বার্সেলোনায় আসিনি। আমি এখানে খেলতে এসেছি, আমার জায়গার জন্য লড়াই করতে এসেছি এবং খেলার অধিকার আদায়ের জন্য এসেছি।'

বেতন-ভাতা নিয়ে জটিলতায় গত সেপ্টেম্বরে স্বদেশি ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি ভেঙে দেন আলভেস। এরপর থেকে বার্সায় ফেরার জন্য মরিয়া ছিলেন তিনি, 'আমি ক্লাব সভাপতিকে বারবার জিজ্ঞেস করেছি। তাকে বলেছি, আমি এখানে ফিরতে চাই।'

অভিজ্ঞ আলভেস কোচ হিসেবে পাচ্ছেন সাবেক ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজকে। চুক্তি স্বাক্ষরের আগে দুজনের মধ্যে হওয়া কথোপকথন নিয়ে তিনি বলেছেন, 'জাভি আমাকে ফোন করে বলেছিলেন যে যদি আমি আসতে চাই, তাহলে তিনি আমাকে এখানে চান। আর বেতন-ভাতাসহ বাকি দিকগুলো ছিল একদমই সোজাসাপ্টা। উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই ছিল না।'

উল্লেখ্য, প্রথম দফায় আট বছর (২০০৮ থেকে ২০১৬ সাল) বার্সায় ছিলেন আলভেস। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলেন তিনি। গোল করেন ২৩টি। ছয়টি লা লিগা ও তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি।