বাংলাদেশের ক্যাম্প শুরু ১৬ মে, প্রস্তুতি ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে আগামী ১৬ মে থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। তৃতীয় বা চূড়ান্ত রাউন্ডের বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ার মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে মালয়েশিয়ার মাটিতে গ্রুপ 'ই'তে খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা ছাড়া হাভিয়ের কাবরেরার শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ হলো তুর্কমেনিস্তান ও বাহরাইন। ক্যাম্প শেষে আগামী ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করবে জাতীয় দল। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার পর আরও দুদিন সেখানে অবস্থান করে আগামী ৪ জুন মালয়েশিয়ার বিমান ধরবে বাংলাদেশ।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান নাবিল বলেছেন, 'আজকে আমাদের জাতীয় দল কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা আগামী জুনে মাসে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ড সম্পর্কে আলোচনা করেছি। জাতীয় দলের ক্যাম্প শুরু করা হবে (গাজীপুরের) সারাহ রিসোর্টে আগামী ১৬ মে। এরপর ক্যাম্প হবে ঢাকায়। বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলন চলবে। আমরা আশা করছি, আগামী ২৭ মে এখান থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করব। ইন্দোনেশিয়া ফেডারেশনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। সেখানে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলব। আগামী ১ জুন ঐতিহাসিক বান্দুং শহরে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি খেলার পর আমরা যাত্রা করব মালয়েশিয়ার উদ্দেশে।'
নাবিল যোগ করেছেন, 'মালয়েশিয়াতে আমাদের তিনটি খেলা আছে (এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের)। আগামী ৮ জুন বাহরাইনের সঙ্গে, ১১ জুন তুর্কমেনিস্তানের সঙ্গে ও ১৪ জুন মালয়েশিয়ার সঙ্গে আমাদের খেলা আছে। এরপর আশা করছি, ১৫ জুন আমাদের দল দেশে ফেরত আসবে। তো এই সংক্রান্ত সকল বিষয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করি, কোভিড পরীক্ষাসহ দলের সকল ব্যবস্থাপনার কাজ আমরা সুন্দরভাবে শেষ করতে পারব।'
আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ওই আসরকে সামনে রেখে ক্যাম্পে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের পরখ করে নিতে চান কোচ কাবরেরা। জরুরি সভার পর গণমাধ্যমকে কাবরেরা বলেছেন, 'আমরা মে মাসের মাঝামাঝি সময়ে ক্যাম্পে থাকা কিছু খেলোয়াড়ের নিয়ে প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি। সেটা হবে প্রতিযোগিতার প্রথম ম্যাচের প্রায় তিন সপ্তাহ আগে। আমি মনে করি, ক্যাম্পে খেলোয়াড়দের গড়ে তোলার এখনই ভালো সময়।'