বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বার্সার একাডেমিতে কাজ করা কোচ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের কোচ হিসেবে স্প্যানিশ প্রো-লাইসেন্সধারী কোচ ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক কোচ হাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ৩৭ বছর এ কোচের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে অনেকটাই।

শেষ পর্যন্ত সব ঠিকঠাক হলে আগামী জানুয়ারিতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যেতে পারে ক্যাবরেরাকে। জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে তার।

এ প্রসঙ্গে জানতে চাইলে ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান ও বাফুফের ভাইস-প্রেসিডেন্ট কাজী নাবিল ডেইলিস্টারকে বলেছেন, 'ন্যাশনাল টিম কমিটির সভার আগে আমি কিছু বলতে পারছি না। কে হতে পারেন তা ওই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

কিছুদিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ডেইলিস্টারকে বলেছিলেন, 'আমরা কোচ নিয়োগের বিষয়টি নিয়ে কাজ করছি। আমাদের পছন্দের শীর্ষে আছেন একজন স্প্যানিশ কাজ, যার ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।' দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মূলত তখন থেকেই গুঞ্জনটা উঠে আসে।

বার্সেলোনার একাডেমির কোচ বলা হলেও লা মাসিয়ার কোচ ছিলেন না ক্যাবরেরা। ক্লাবটির যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। মূল কোচ হিসেবে কাজ করেছেন সেগুন্ডা ডিভিশনের দল রায়ো মাজাদাহন্দোর হয়েও।

তবে সবচেয়ে বড় কথা উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। একই সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের দিক্ষা দিয়েছেন এ কোচ।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ কোচ জেমি ডেকে অব্যাহতি দেয় গেম গভর্নিং বডি। এরপর বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এবং আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসকে দুটি আলাদা টুর্নামেন্টের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাফুফে। এখনও ছুটিতে আছেন জেমি।