বারবার সমর্থকদের উপেক্ষা করায় রোনালদোর ওপর খেপেছেন নেভিল
ফলাফল যাই হোক, ম্যাচ শেষে মাঠে উপস্থিত সমর্থকদের অভিবাদন জানান খেলোয়াড়রা। অ্যাওয়ে ম্যাচে তো অবশ্যই। সেখানে ম্যাচের ফলাফল পক্ষে না গেলে কিংবা দল জিতলেও নিজে গোল না পেলে সতীর্থদের সঙ্গে থাকেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে বেজায় খেপেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। রীতিমতো ধুরে দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।
অথচ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে আগের রাতে প্রায় ১৬০ মাইলের বেশি পথ পারি দিয়ে সেইন্ট জেমস পার্কে উপস্থিত হয়েছিলেন হাজারো ম্যানচেস্টার সমর্থক। তাদের জয় উপহার তো দূরের কথা ভালো ম্যাচও উপহার দিতে পারেননি রোনালদোরা। ম্যাচ শেষে সতীর্থরা যখন তাদের অভিবাদন জানান তখন অনুপস্থিত ছিলেন এ পর্তুগিজ। ম্যাচ শেষে ডানে বামে না তাকিয়ে সরাসরি ডাগআউটে চলে যান রোনালদো।
আর সমর্থকদের তাচ্ছিল্যের বিষটি নিয়ে বেশ বিরক্ত রোনালদোর সাবেক সতীর্থ নেভিল। মানডে নাইট ফুটবল অনুষ্ঠানে বলেন, 'আমরা শারীরিকভাষা নিয়ে কথা বলি। রোনালদো যখন এভারটনের বিপক্ষে এমনটি করেছিল তখনও বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকেও সে পালিয়ে গেল। সে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচেও মাঠ থেকে বেরিয়ে যায়। যখন সবাই জানত ম্যানেজারকে (ওলে গানার সুলশার) ম্যাচ শেষে বরখাস্ত করা হবে। এমনকি নরউইচেও।'
'তোমাকে অবশ্যই থাকতে হবে এরকম মূহুর্তগুলোতে যখন সতীর্থরা তোমাকে চায়। দিন শেষে আমি এই ছেলেকে (রোনালদো) পছন্দ করি। আমার দেখায় সে হলো সর্বসেরা খেলোয়াড়। কিন্তু এভাবে দৌড়ে চলে যেতে হয় না। এটা আমার কাছে ভালো ঠেকে না। কিভাবে খেলেছ এটি আমার কাছে ব্যাপার না। ম্যাচ শেষে তোমাকে সমর্থকদের কাছে যেতে হবে, তাদের অভিবাদন জানাতে হবে। তাদের কাছে যাও, যখন তুমি হলে অন্যতম সেরা একজন ফুটবলার।' - যোগ করেন নেভিল।
আগের রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলাঁ সাঁ-মাক্সিমাঁর গোলে শুরুতেই এগিয়ে যায় নিউক্যাসল। তবে বিরতির পর বদলি খেলোয়াড় এদিসন কাভানির গোল সমতা ফেরায় ম্যানচেস্টারের দলটি। তবে এ ম্যাচে হারতেই পারতো তারা। ভাগ্যটাই সঙ্গে ছিল নিউক্যাসেলের।
একের পর এক দুর্দান্ত সেভে রেড ডেভিলদের ম্যাচে রেখেছেন ম্যানচেস্টার গোলরক্ষক দাভিদ দি গিয়া। গোল মুখ থেকে বল ফিরিয়েছেন। বারপোস্টে লেগেও ফিরে এসেছে বল। এমনকি বল জালে ঢুকেও গোল হয়নি অফসাইডের কারণে। অনেকটা ধারা বিপরীতে উল্টো গোল পেয়ে যায় ম্যানচেস্টার। পুরো ম্যাচে এক অর্থে অনুজ্জ্বল ছিলেন রোনালদো। যে দুই একটা সুযোগ পেয়েছিলেন তাও কাজে লাগাতে ব্যর্থ হন।