বার্সাকে জিতিয়ে আগুয়েরোকে গোল উৎসর্গ করলেন ফাতি

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলছিল তখন হাসপাতালে শুয়ে সের্জিও আগুয়েরো। অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন আর্জেন্টিনার এ তারকা স্ট্রাইকার। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এ তারকাকে। তবে তার অভাব বুঝতে দেননি সতীর্থ আনসু ফাতি। দারুণ এক গোলে বার্সেলোনাকে জিতিয়েছেন তিনি। আর জয়সূচক গোলটি আগুয়েরোকে উৎসর্গ করেছেন ফাতি।

ডায়নামো কিয়েভের মাঠে মঙ্গলবার রাতে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭০তম মিনিটে একমাত্র গোলটি করেন ফাতি।

চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরের প্রথম দুই ম্যাচই হেরে গেছে বার্সেলোনা। তাতে শঙ্কা জেগেছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের। তাই ডায়নামো কিয়েভের বিপক্ষে আগের দিন জয় পাওয়া ছিল খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় টিকে থাকাটাই বেশ কঠিন হয়ে যেত। তার উপর উড়ন্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে খেলতে হবে একটি ম্যাচ। তবে অন্তর্বর্তীকালীন কোচ সের্জি বারহুয়ানের অধীনে শুরুটা ভালো করেছে বার্সেলোনা।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। ইনজুরি মুক্ত ফিরলেও ফের চলে গেছেন মাঠের বাইরে। গত শনিবার ন্যু ক্যাম্পে আলাভেসের বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিট বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরে তার হৃদযন্ত্রে সমস্যা চিহ্নিত করেন চিকিৎসকরা।

আর আগুয়েরোর কষ্টটা বুঝতে পারছেন ফাতি। লম্বা সময় যে তিনিও ছিলেন মাঠের বাইরে। ম্যাচ শেষে নিজের গোলটি আগুয়েরো উৎসর্গ করে ফাতি বলেছেন, 'গোলটি কুনের (আগুয়েরো) জন্য। এটা তার হৃদয়ের জন্য। আমরা জানি গত সপ্তাহ সে কিসের মধ্য দিয়ে গিয়েছে। একজন খেলোয়াড় যে আমাদের অনেক কিছু দিয়েছে সে আজ মাঠের বাইরে চলে গেছে। জয়টা তার জন্য। আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসে।'

আর দলের জয়ে দারুণ খুশি এ তরুণ। নিজেদের সেরাটা দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, 'এটা দারুণ একটা জয়। আমরা খুব খুশি। আমরা লড়াই চালয়ে যাব। এটা আমাদের হাতেই রয়েছে। আমাদের বেনফিকা ও বায়ার্নের বিপক্ষে খেলতে হবে এবং আমাদের সবকিছু দিতে হবে। খেলোয়াড়রা একতাবদ্ধ রয়েছে। আমাদের সঙ্গে সমর্থকরাও আছে। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।'

আগের দিন বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ফাতি। যার ৩৫টি লা লিগায়, ১১টি চ্যাম্পিয়ন্স লিগে, ৩টি কোপা দেল রেতে ও একটি সুপার কাপে খেলেছেন তিনি। সবমিলিয়ে গোল করেছেন ১৬টি। সঙ্গে ৬টি অ্যাসিস্টও রয়েছে তার। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার তৃতীয় গোল।