বার্সায় ফিরেই দুই ফিজিওকে ছাঁটাই করলেন জাভি
একজন-দুইজন নয়, মোট ১১ জন খেলোয়াড় ইনজুরিতে। এমন অবস্থায় লড়াই করা বেশ কঠিন যে কোনো দলের জন্যই। স্বাভাবিকভাবেই দলের ফিজিওদের উপর আস্থা রাখতে না পারারই কথা জাভি হার্নান্দেজের। তাই বার্সেলোনায় যোগ দিয়েই দুই ফিজিওকে বরখাস্ত করেছেন তিনি।
আলোচনাটা বেশ কয়েকদিন আগের থেকে হলেও সোমবারই আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। ক্লাবটির এমন পরিস্থিতিতে শুরুতেই কঠিন সংগ্রাম করতে হতে পারে তাকে। সাবেক সতীর্থদের প্রায় সবাই চোটে পড়ে মাঠের বাইরে।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, বার্সায় যোগ দিয়ে দুই ফিজিও হুয়ানজো ব্রাউ ও ফিজিক্যাল ট্রেনার আলবার্ত রোকাকে নতুন চাকুরি খুঁজতে বলে দিয়েছেন জাভি। এ দুইজনকে চাকুরি দিয়েছিলেন সাবেক কোচ রোনাল্ড কোমান।
সংবাদ অনুযায়ী, দলটির সাবেক ফিজিও জুমি মুনিলকে ফিরিয়ে আনবে তারা। বর্তমানে স্প্যানিশ ফুটসাল দলের ফিজিওর দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া বার্সেলোনায় এর আগেও কাজ করা রিচার্দ প্রুনাকেও ফিরিয়ে আনতে চাইছে দলটি।
ইনজুরি ম্যানেজমেন্টের ব্যবস্থা মাঠের পারফরম্যান্সের মতোই করুণ বার্সেলোনার। চলতি মৌসুমের শুরুতেই মার্টিন ব্র্যাথওয়েটকে লম্বা সময়ের জন্য হারিয়েছে তারা। প্রায় এক বছর পর ফেরা আনসু ফাতিও আগের ম্যাচে পড়েছেন ইনজুরিতে। একই অবস্থা ওসমান দেম্বেলেরও।
এর আগে মাঝ মাঠের প্রাণভোমরা পেদ্রিকে হারিয়েছে তারা। সম্প্রতি সে তালিকায় যোগ দিয়েছেন এরিক গার্সিয়া, জেরার্দ পিকে ও নিকো গঞ্জালেজ। এছাড়া সের্জিনো ডেস্ট ও সের্জি রোবার্তোও মাঠের বাইরে। জ্বরের কারণে অবশ্য আগের ম্যাচে ছিলেন না গোলরক্ষক নেতো। আর অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন সের্জিও আগুয়েরো।