বার্সায় ফিরছেন জাভি, জানাল আল-সাদ
তবে কি জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে? আভাস সত্যি করে কোচ হয়ে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন জাভি? সবকিছু যেভাবে এগোচ্ছে, তাতে এসব কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। আল-সাদ জানিয়েছে, জাভিকে বার্সেলোনায় যেতে দিতে সম্মত হয়েছে তারা।
এতদিন ধরে কাতারের ক্লাবটি বলে আসছিল, তারা ৪১ বছর বয়সী জাভিকে ছাড়তে সম্মত নয়। তবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা জানিয়েছে সমঝোতায় পৌঁছানোর খবর।
বিবৃতিতে আল সাদ বলেছে, 'চুক্তিতে নির্ধারিত রিলিজ ক্লজ পরিশোধের পর আল সাদের পরিচালকমণ্ডলী জাভিকে বার্সেলোনায় যেতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বার্সেলোনার সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা বজায় রাখতে আমরা সম্মত হয়েছিল। জাভি আল সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা তার সাফল্য কামনা করি।'
গত মাসের শেষদিকে কোচ রোনাল্ড কোমানকে ছাঁটাই করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এরপর থেকেই শুরু হয় জাভিকে নিয়ে গুঞ্জন। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে 'বি' দলের দায়িত্বে থাকা সার্জি বারহুয়ানকে দায়িত্ব দেয় তারা। জাভি অবশ্য প্রকাশ্যেই বলে আসছিলেন, তিনি 'ঘরে ফিরতে চান।'
বার্সেলোনা এখনও জাভিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছিলেন ৭৭৯ ম্যাচ। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছিলেন ২৫টি শিরোপা।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আল-সাদের কোচ হন জাভি। তাদেরকে তিনি এখন পর্যন্ত জিতিয়েছেন চারটি শিরোপা।