বার্সায় যাওয়া লিডস ও এজেন্টের উপর ছেড়ে দিয়েছেন রাফিনহা

স্পোর্টস ডেস্ক

এলান্ড রোড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে আনার সর্বোচ্চ চেষ্টাই করছে বার্সেলোনা। অনেক দিন থেকেই এ আলোচনা থাকলেও এখনও নতুন কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত কি তাকে পাবে বার্সেলোনা? ভাগ্য এখন লিডস ও তার এজেন্ট ডেকোর হাতে। নিজের ভবিষ্যৎ নিয়ে এমনটাই বলেছেন এ ব্রাজিলিয়ান।

এদিকে উসমান দেম্বেলের দল ছাড়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। তার জায়গায় তাই লিডসের এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে মরিয়া বার্সা। কিন্তু লিডস প্রিমিয়ার লিগে নিজেদের অস্তিত্ব ধরে রাখায় ঝামেলায় পড়ে গিয়েছে কাতালান ক্লাবটি। অন্যথায় ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে সহজেই পেতে পারতো তাকে।

অথচ গত মে'তে বার্সার সঙ্গে অনেকটা মৌখিক আলোচনা হয়ে গিয়েছিল বলেই সংবাদ প্রকাশ পেয়েছিল আন্তর্জাতিক মাধ্যমে। তিন মাস পর নতুন চুক্তি হওয়ার কথা ছিল। তবে এ মুহূর্তে তাকে ছাড়তে চাইছে না লিডস। ছাড়লেও তার জন্য ৪৭ মিলিয়ন ইউরো চায় ক্লাবটি।

তবে আপাতত বিষয়টি ক্লাব ও এজেন্টের হাতে ছেড়ে ছুটিতে যেতে চাইছেন এ ব্রাজিলিয়ান, 'আমাদের পরের ম্যাচে জাপানের বিপক্ষে। তারপর আমি ছুটিতে যাব। আমার ২০২৪ সাল পর্যন্ত লিডসের সঙ্গে একটি চুক্তি রয়েছে, আমার ভবিষ্যৎ এখন ডেকো (তার এজেন্ট) এবং লিডসের হাতে। আমি মন এখন জাতীয় দলের সামনের ম্যাচে এবং আমার ছুটিতেও। আমার একটি ছুটি প্রয়োজন।'

লিডসের সঙ্গে আলোচনা শেষ পর্যন্ত আলোচনা চূড়ান্ত হলে তখন তাকে বিষয়টি জানাবেন তার এজেন্ট। এর আগে মনোযোগ জাতীয় দলে রাখতে চান এ তারকা, 'লিডসের সঙ্গে আমার একটি চুক্তি রয়েছে এবং এই সমস্যাটি আমার এজেন্ট সমাধান করবে। যখন সবকিছু ঠিক হয়, তখন তিনি আমাকে জানাবেন।'

তবে সামনে বিশ্বকাপ থাকায় কিছুটা হলেও এ নিয়ে চিন্তিত এ ব্রাজিলিয়ান, 'আমি যদি বলি যে এটা কোন ব্যাপার না, তাহলে মিথ্যা বলা হবে।কাপের জন্য ছয় মাসেরও কম সময় বাকি আছে জেনে, আপনাকে ক্লাবে সক্রিয় থাকতে হবে। এই সিদ্ধান্তের উপর নির্ভর করে, তবে আমি আমার সম্ভাবনার উপর আস্থা রাখি। যদি থাকতে হয় বা চলে যেতে হয়, আমি আমার সেরা চেষ্টা করব, আমার জায়গা খুঁজে নিব এবং বিশ্বকাপে আমি ভালো করার চেষ্টা করব।'