বার্সা কীভাবে লেভানদোভস্কিকে কিনলো, বুঝতেই পারছেন না বায়ার্ন কোচ
ঘোষণাটা সপ্তাহখানেক আগে আসলেও আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রবার্ট লেভানদোভস্কির সঙ্গে চুক্তি করতে পেরেছে বার্সেলোনা। চার বছরের জন্য এ পোলিশ তারকাকে পেতে কাতালান ক্লাবটির খরচ প্রায় ৫০ মিলিয়ন ইউরো। তবে আর্থিক টানাপোড়নের এ সময়ে বার্সা এতো টাকা কোথায় পেল তা ভেবেই পাচ্ছেন না বায়ার্ন মিউনিখ কোচ হুলিয়ান ন্যাগেলসম্যান।
অথচ কিছু সময়ের জন্য এটি ভাবা হয়েছিল যে এ পোলিশ ফরোয়ার্ডকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার। ১.৩ বিলিয়ন ইউরোর উপরে ঋণের মধ্যে রয়েছে দলটি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় অর্থ জোগাড় করে নিজেদের চাহিদা পূরণ করতে পেরেছে বার্সা। বায়ার্ন মিউনিখ থেকে লেভানদোভস্কিকে ন্যু ক্যাম্পে আনতে পেরেছে তারা।
তবে ক্লাবটির বর্তমান আর্থিক দুর্দশার সময়ে কীভাবে এখনও বাজারে ডুব দিতে পেরেছে তা ভেবেই পাচ্ছেন না ন্যাগেলসম্যান, 'এটা বিশ্বের একমাত্র ক্লাব যাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু তারপরও তাদের পছন্দের সব খেলোয়াড়কে কিনে নেয়। আমি জানি না তারা এটা কিভাবে পারে। এটা একটু অদ্ভুত এবং পাগলামিও বটে।'
আর্থিক দুর্দশার এই সময়ে ফ্রি ট্রান্সফারে গ্রীষ্মের দল-বদলে ফ্রাঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনকে দলে টেনেছে বার্সেলোনা। তবে এখনও তাদের নিবন্ধন করতে পারেনি ক্লাবটি। তবে লেভানদোভস্কির ব্যাপারটা ঠিকই ম্যানেজ করতে পেরেছে তারা। লা লিগার বিধান অনুযায়ী ক্লাবটি প্রতি ৪ মিলিয়ন পাউন্ড খরচ কমাতে পারলে এক মিলিয়ন পাউন্ড ব্যয় করতে পারবে।
ভাবা হয়েছিল যে বার্সেলোনা এই গ্রীষ্মে নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার আগে কিছু খেলোয়াড়কে বিক্রি করতে হবে। এই ধরনের জল্পনা-কল্পনায় ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও উসমান দেম্বেলের ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত গুজব তৈরি হয়েছে। তবে ক্লাবে রয়েছেন ডি ইয়ং। দেম্বেলের সঙ্গে করা হয়েছে চুক্তি নবায়ন।
তবে লেভানদোভস্কিকে হারানোর দুঃখ কিছুটা হলেও কমাতে পেরেছে বায়ার্ন। জুভেন্টাস থেকে মাতাইস ডি লিখটকে কিনতে পেরেছে দলটি। ৭৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে তুরিনের ক্লাব ছেড়ে বাভারিয়ানদের সঙ্গে যোগ দিয়েছেন এ ডাচ ডিফেন্ডার।