বার্সা সেরা দল ছিল, জাভির এই দাবিতে আনচেলত্তির দ্বিমত

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা সেরা দল ছিল বলে উল্লেখ করেছেন দলটির কোচ জাভি। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন কার্লো আনচেলত্তি। বার্সাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচ বলেছেন, সমানে সমান লড়াই হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।

বুধবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অতিরিক্ত সময়ে গড়ানো সেমিতে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। নাটকীয় লড়াইয়ে ৯৮তম মিনিটে ব্যবধান গড়ে দেন দলটির উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ২-২।

বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি গোলমুখে বেশি শট অবশ্য বার্সেলোনাই নেয়। তাদের ২০ শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে, রিয়াল ১৪ শট নিয়ে আটটি রাখে লক্ষ্যে।

ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি উড়িয়ে দেন প্রতিপক্ষ কোচ জাভির দাবি, 'আমি (জাভির সঙ্গে) একমত নই। এটি সমানে সমান ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা দুর্ভাগ্যের কারণে একটি গোল হজম করেছি। দ্বিতীয়ার্ধে লড়াই হয়েছে আরও চোস্ত। কেউ ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারেনি। আমরা পাল্টা আক্রমণ নির্ভর কৌশল ব্যবহার করেছি। আমাদের তিনটি গোলই ছিল দর্শনীয়। আমাদের পক্ষে প্রেস করে (প্রতিপক্ষের উপর চাপ বিস্তার করে) খেলা বেশি কঠিন এবং সেকারণে আমরা পাল্টা আক্রমণ বেশি বেশি করে ব্যবহার করেছি।'

বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে প্রশংসা ঝরে তার কণ্ঠে, 'বার্সেলোনার খুব ভালো একটি স্কোয়াড রয়েছে। তাদের খেলোয়াড়রা (চোট ও করোনাভাইরাস থেকে) সেরে উঠেছে। এই দলটা উন্নতি করবে।'

আগামী রবিবার জেদ্দায় শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে স্পেনের সফলতম ক্লাব রিয়াল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অ্যাতলতিকো মাদ্রিদ অথবা অ্যাথলেতিক বিলবাও। ওই ম্যাচে শিষ্যদের পুরোপুরি ফিট পাওয়ার আশা প্রকাশ করেন রিয়াল কোচ, 'সবাই ক্লান্ত। কিন্তু আমি মনে করি, (ডেভিড) আলাবাসহ সবাইকে আমরা পাব। আমরা ক্লান্তি ভালোভাবে কাটিয়ে উঠব।'

বার্সার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবা। হালকা চোটে ভুগছেন তিনি। তার পরিবর্তে সেন্টার ব্যাক হিসেবে এদার মিলিতাওয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন নাচো ফার্নান্দেজ। বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমের শুরুতে রিয়ালে পাড়ি জমানোর পর থেকে দারুণ ছন্দে আছেন আলাবা।