বার্সেলোনার নতুন কোচ জাভি
কাতারের ক্লাব আল-সাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছিল সবকিছু। তারা জানিয়েছিল, 'চুক্তিতে নির্ধারিত রিলিজ ক্লজ পরিশোধের পর আল-সাদের পরিচালকমণ্ডলী জাভিকে বার্সেলোনায় যেতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।' এরপর অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। কয়েক ঘণ্টার ব্যবধানে সেটা এসেছে। ক্লাব কিংবদন্তি জাভিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা।
শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। চলমান ২০২১-২২ মৌসুমের পর আরও দুই মৌসুম কাতালানদের মূল দলের দায়িত্বে থাকবেন জাভি। অর্থাৎ দুই পক্ষের মধ্যে চুক্তির মেয়াদ ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত।
আল সাদের সঙ্গে চুক্তি অনুসারে, গোপনীয়তা রক্ষার্থে আপাতত এই বিষয়ে আর কোনো তথ্য দেবে না বার্সেলোনা। তবে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রিলিজ ক্লজের পরিমাণ ৫০ লাখ ইউরো। বার্সা ও জাভি ভাগাভাগি করে তা পরিশোধ করবে আল-সাদকে।
বিবৃতিতে বার্সেলোনা আরও জানিয়েছে, চলতি সপ্তাহেই কাতার থেকে ক্যাম্প ন্যুতে ফিরবেন জাভি। আগামী ৮ নভেম্বর তাকে গণমাধ্যমের সামনে ক্লাবটির নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন স্পেনের জার্সিতে বিশ্বকাপ ও ইউরো জেতা সাবেক এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সী জাভি বার্সার সিনিয়র দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৬৭ ম্যাচ। দলটির হয়ে ১৭ বছর (১৯৯৮ থেকে ২০১৫) কাটিয়ে তিনি আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ২৫টি শিরোপা। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আল-সাদের কোচ হন তিনি।
বার্সেলোনার কোচ হয়েই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে জাভিকে। লা লিগায় ১১ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ক্লাবটি। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ইতোমধ্যে ৯ পয়েন্টে পিছিয়ে গেছে তারা। এই করুণ পরিস্থিতি থেকে দ্রুতই সঠিক পথে না ফিরলে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে বার্সার।