বার্সেলোনার মাঠের নাম হচ্ছে স্পোটিফাই ন্যু ক্যাম্প!

স্পোর্টস ডেস্ক

অনেক দিন থেকেই নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নাম স্বত্ব বিক্রি করছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পৃষ্ঠপোষক পেয়ে গেছে ক্লাবটি। ফলে বার্সেলোনার ঘরের মাঠের অফিসিয়াল নাম হচ্ছে স্পোটিফাই ক্যাম্প ন্যু। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসি ওয়ান।

সংবাদ অনুযায়ী, সুইডিশ মিডিয়া স্ট্রিমিং সার্ভিস কোম্পানি স্পোটিফাইয়ের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে বার্সেলোনার। বাকি কেবল আনুষ্ঠানিকতার। ২৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ চুক্তি হতে হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

১৯৫৭ সালে ন্যু-ক্যাম্প স্টেডিয়াম তৈরি করা হয়। ক্যাম্প দে লেস কর্টস প্রতিস্থাপনের জন্য দরজা খোলার পর ইউরোপের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নাম কখনোই পরিবর্তন হয়নি। ঐতিহাসিক এ স্টেডিয়ামের নামের সঙ্গে একটি নতুন শব্দ যোগ হতে চলেছে। আগামী গ্রীষ্ম থেকেই নতুন নাম কার্যকরী হবে বলে জানিয়েছে আরএসি ওয়ান।

অবশ্য অনেকটা বাধ্য হয়েই ৯৯ হাজার আসন সম্বলিত ঐতিহাসিক এ স্টেডিয়ামের নাম বদল করছে বার্সেলোনা। গত এক দশকে ৬৫০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি। গত মৌসুমেই ক্ষতির পরিমাণটা ৪৮১ মিলিয়ন ইউরো। তাতে বড় দেনায় পড়েছে ক্লাবটি। সবমিলিয়ে দেনার পরিমাণ ১.৩৫ বিলিয়ন ইউরো।

যে কারণে নতুন কোনো বড় সাইনিং করতে পারছে না কাতালানরা। একজন খেলোয়াড় টানলে ছাড়তে হচ্ছে একাধিক খেলোয়াড়কে। তবে চুক্তির এ অর্থ থেকে নতুন খেলোয়াড় কিনতে পারবে দলটি। জানা গেছে বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ডকে কিনতে ব্যবহার করা হবে এ অর্থ।