বার্সেলোনা-জুভেন্টাস-বেনফিকা নিয়ে দ্বিধায় দি মারিয়া

By স্পোর্টস ডেস্ক

পিএসজি অধ্যায় শেষ। এবার শুরু নতুন পথ চলা। ইচ্ছে নিজের মাতৃভূমি রোজারিওতে গিয়ে অবসর নেওয়ার। এর আগে শীর্ষ পর্যায়ে আরও কিছু দিন খেলতে বেশ কিছু ক্লাব থেকেই প্রস্তাব পেয়েছেন তিনি। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না এ আর্জেন্টাইন তারকা।

ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, মূলত তিনটি ক্লাব তাকে চাওয়ায় দ্বিধায় পড়েছেন দি মারিয়া। তাকে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। আর খুব শীগগিরই নিজের অবস্থান জানাবেন তিনি।

বর্তমানে তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। এ ক্লাবের সঙ্গে আলোচনা প্রায় পাকা। এখন অপেক্ষা দি মারিয়ার সিদ্ধান্তের। যদিও কিছু দিন আগে জুভেন্টাসের সঙ্গেও আলোচনা এগিয়েছিল অনেক দূর। তবে বার্সেলোনার আবির্ভাবে পাশা যায় বদলে। এরপর বেনফিকাও তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে।

জুভেন্টাস এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে দি মারিয়াকে। তবে আলোচনা সাপেক্ষে বাড়তে পারে আরেক মৌসুমও। বার্ষিক ৭ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। ওল্ড লেডিদের আশা এ প্রস্তাবে রাজী হবেন এ উইঙ্গার। বার্সেলোনার প্রস্তাব সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা না থাকলেও তা জুভেন্টাসের চেয়ে কম বলেই বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে পরিবারের কারণে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিতে পারেন দি মারিয়া। কারণ তার স্ত্রী-সন্তানেরা স্পেনে থাকতে আগ্রহী। এমনকি ইতালির চেয়ে পর্তুগালও বেশি পছন্দ তাদের। যে কারণে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছেন তিনি।

তবে একটা ব্যাপার নিশ্চিত, তিনটি ক্লাবই জোর প্রচেষ্টা চালাচ্ছে দি মারিয়াকে পেতে। এখন বল তার কোর্টে। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা।