বার্সেলোনা স্কোয়াডে করোনার হানা, আক্রান্ত মোট ১০ ফুটবলার
করোনাভাইরাসের হানায় নাকাল দশা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন দলটির আরও তিন ফুটবলার। এতে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হলো মোট দশ জন।
লা লিগার নিয়ম অনুযায়ী করা নিয়মিত পিসিআর পরীক্ষার সবশেষটিতে করোনা পজিটিভ হয়েছেন ফিলিপ কৌতিনহো, সার্জিনো দেস্ত ও এজ আব্দে। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এই দুঃসংবাদ জানিয়েছে বার্সেলোনা।
বিবৃতিতে কাতালানদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আক্রান্ত খেলোয়াড়রা সুস্থ আছেন। আর তারা নিজ নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন।
গত সোমবার ক্লেমোঁ লংলে ও দানি আলভেস করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন। পরদিন সেই তালিকায় যুক্ত হয় জর্দি আলবা ও আলেহান্দ্রো বালদের নাম। আর আগের দিন বুধবার ওসমান দেম্বেলে, গাভি ও স্যামুয়েল উমতিতির শরীরেও করোনা শনাক্ত হয়।
আসন্ন নতুন বছরের শুরুতেই তাই কঠিন পরীক্ষায় পড়তে হবে বার্সার কোচ জাভি হার্নান্দেজকে। তার হাতে থাকা সুস্থ খেলোয়াড়ের সংখ্যা একেবারেই কম। করোনার সংক্রমণ ছাড়াও চোটে আছেন মেম্ফিস ডিপাই, সার্জি রবার্তোসহ বেশ কয়েকজন।
সবমিলিয়ে ভালো একটি একাদশ সাজানোই মুশকিল হয়ে পড়েছে বার্সার জন্য। তবে লা লিগার নিয়ম অনুসারে, মূল স্কোয়াড ও রিজার্ভ বেঞ্চ মিলিয়ে ১৩ জন ফুটবলার উপযুক্ত থাকলেই কোনো দলকে খেলতে হবে। এই শর্ত পূরণ না হলে সেক্ষেত্রে স্থগিত হবে ম্যাচ।
আগামী ৩ জানুয়ারি লিগের ম্যাচে মায়োর্কা মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।