বিশ্বের পঞ্চম সর্বোচ্চ উপার্জনকারীকে চায় বার্সেলোনা!
আর্থিক টানাপোড়নের কারণে চলতি মৌসুমে অনেক কিছুই দেখতে হয়েছে বার্সেলোনাকে। দলের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়তে হয়েছে। ছাড়তে হয়েছে আতোঁয়ান গ্রিজমানের মতো তারকা খেলোয়াড়কেও। মূলত তাদের উচ্চ বেতনই ঝামেলায় ফেলেছিল তাদের। সেই দলটিই কি-না বিশ্বের পঞ্চম সর্বোচ্চ উপার্জনকারী অস্কার দস সান্তোসকে দলে টানার চেষ্টা করছে!
এমনই বিস্ময়কর এক সংবাদ জানিয়েছেন ব্রাজিলের সংবাদমাধ্যম টিএনটি স্পোর্ত ব্রাজিলের সিনিয়র সাংবাদিক মার্সেলো বেকলার। এই সাংবাদিকই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সংবাদ প্রথম প্রকাশ করেছিলেন। এবার তিনি জানিয়েছেন, ফিলিপ কৌতিনহোর জায়গা পূরণ করতে অস্কারকে পেতে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা।
অথচ বর্তমান বিশ্বের পঞ্চম সর্বোচ্চ বেতনটা পকেটে নেন অস্কার। ২০১৭ সালে চেলসি থেকে চীনের ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে শাংহাই পোর্টে যোগ দেওয়া এ তারকা বোনাস ও অন্যান্য ভাতা ছাড়াই পান বার্ষিক ২৪ মিলিয়ন ইউরো।
তারপরও অস্কার পেতে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন মার্সেলো। বর্তমান কোচ জাভি হার্নান্দেজের কাছে সূত্র মারফত এ তথ্য জানিয়েছেন তিনি। মূলত কৌতিনহো অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর তার জায়গায় একজন অ্যাটাকিং মিডফিল্ডার চান জাভি। তাই এ ব্রাজিলিয়ানের জায়গায় আরেক ব্রাজিলিয়ানকে মনে ধরেছে তার।
গত মৌসুমে প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতির কথা স্বীকার করেছিল বার্সেলোনার পরিচালনা পর্ষদ। এছাড়া বড় অঙ্কের দেনাতেও ডুবে আছে দলটি। গত আগস্টে তারা জানিয়েছিল তাদের এই দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো।
আগের দিনই নানা নাটকের পর ফেরান তোরেসের চুক্তি করেছে বার্সেলোনা। জানুয়ারির ট্র্যান্সফারের শুরুতেই বার্সেলোনায় আসলেও আর্থিক ঘাটতির কারণে তার চুক্তি করতে পারছিল না দলটি। শেষ পর্যন্ত ১০ শতাংশ বেতন কমিয়ে স্যামুয়েল উমতিতির সঙ্গে নতুন চুক্তি করে দাঁড় উন্মুক্ত করে দলটি। তাই অস্কারের প্রতি আগ্রহের বিষয়টি বিস্ময় ছড়িয়েছে ফুটবল মহলে। \