বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। টানা হারের বৃত্ত থেকে বের হতে বদল হলো কোচের। কিন্তু তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি। উল্টো ইনজুরি থেকে ফিরে আসা সের্জিও আগুয়েরোকে নিয়ে বড় শঙ্কায় পড়েছে দলটি। মাঠেই বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালেই যেতে হয়েছে এ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

এ প্রসঙ্গে এক বিবৃতি দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা, 'প্রথমার্ধের বেশির ভাগ সময়ে বুকে ব্যথা নিয়ে খেলছিলেন আগুয়েরো। তাই প্রথমার্ধের শেষদিকে তার বদলে ফিলিপ কৌতিনহোকে নামানো হয়। শারীরিক পরীক্ষার জন্য আগুয়েরোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

এর আগে ম্যাচে শেষে ভারপ্রাপ্ত কোচ সের্জি বারহুয়ান বলেছিলেন, 'আমাকে বলা হয়েছে, ওর একটু মাথা ঘোরাচ্ছিল। মাত্রই জানতে পেরেছি, ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু এখন বলতে পারব না।'

শনিবার রাতে ন্যু ক্যাম্পে দিপার্তিভো আলাভেজের বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিট বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে কিছু জানানো হয়নি ক্লাব কর্তৃপক্ষ।

আগের দিন নতুন কোচের অধীনে শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। আলাভেজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের ৪৯তম মিনিটে মেমফিস দিপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে তিন মিনিট পরই স্বাগতিকদের হতাশায় ডোবান লুইস রিয়াহা। তার গোলে সমতায় ফেরে সফরকারী দলটি।