ব্রাজিলের কাছে 'না হারা'কে গুরুত্বপূর্ণ বললেন মেসি
চোটের কারণে নেইমার ছিলেন না। তার অনুপস্থিতি ব্রাজিল টের পেল বেশ ভালোভাবে। তারপরও আর্জেন্টিনাকে চেপে বসতে দিল না তারা। ফলে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো লিওনেল মেসিদের। আর্জেন্টাইন অধিনায়ক অবশ্য ম্যাচের ফল নিয়ে জানাননি কোনো খেদ। বরং না হারাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
বুধবার সকালে সান হুয়ানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর কিছু সময় পর শেষ হওয়া আরেক ম্যাচে ইকুয়েডরের কাছে চিলি হেরে যাওয়ায় কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ফাউলের ছড়াছড়ির ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের কেউই। উভয় দলই গোলমুখে শট নেয় নয়টি করে। আর্জেন্টিনা লক্ষ্যে রাখতে পারে তিনটি। ব্রাজিলের লক্ষ্যে ছিল দুটি।
ম্যাচের পর নিজ দেশের গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে পিএসজি ফরোয়ার্ড মেসি জানিয়েছেন, কঠিন লড়াইয়ের অপেক্ষাতেই ছিলেন তারা, 'আমরা জানতাম যে ম্যাচটা এরকম হবে। খুব বেশি সুযোগ পাওয়া যাবে না। ব্রাজিলের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন।'
আর্জেন্টিনা তাদের সেরা খেলা উপহার দিতে পারেনি স্বীকার করলেও তিনি নজর দিচ্ছেন প্রাপ্তির দিকে, 'ম্যাচের একদম শুরু থেকেই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ভালো খেলার চেষ্টা করেছি। কিন্তু সবসময় সেটা পারিনি। তবে জরুরি বিষয় হলো আমরা ভালো করছি, ম্যাচটা হারিনি এবং নিয়মিত উন্নতি করছি।'
সম্প্রতি চোট থেকে সেরে ওঠা মেসি তার শারীরিক পরিস্থিতি নিয়ে দিয়েছেন ইতিবাচক বার্তা, 'আমি ভালো আছি। নইলে আমি খেলতাম না। লম্বা সময় ধরে আমি মাঠের বাইরে ছিলাম। এই ম্যাচে খেলার জন্য যে সক্রিয়তা দরকার, সেটা মোটেও সহজ কিছু না।'
ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে আগামী ২০২২ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে আলবিসেলেস্তেদের অর্জন ২৯ পয়েন্ট। বাছাইয়ে আরও পাঁচটি ম্যাচ বাকি আছে তাদের।