মাঠেই রেফারিকে পিটিয়ে অজ্ঞান করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান উইলিয়াম রিবেইরো। কিন্তু রেফারির বাঁশি বাজে তার বিপক্ষেই। ফ্রিকিক পায় গুরানি। আর রেফারির এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এ ব্রাজিলিয়ান। মেজাজ হারিয়ে তখনই রেফারি রদ্রিগো ক্রিভেলারোকে কয়েক দফা আঘাত করে রীতিমতো তাকে অজ্ঞান করে ছেড়েছেন।
বিস্ময়কর এ ঘটনার পর রিবেইরোকে আটক করেছে স্থানীয় পুলিশ।
ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান ষষ্ঠ স্তরের ফুটবল লিগে। গত সোমবার গুরানির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলছিল সাও পাওলো আরএস। দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। ম্যাচে তখন এক গোলের ব্যবধানে পিছিয়ে সাও পাওলো। কিন্তু এ সময় একটি সিদ্ধান্ত বিপক্ষে গেলে তা মানতে না পেরে রেফারি ক্রিভেলারোকে আঘাত করেন রিবেইরো।
প্রথমে ঘুষি মেরে রেফারিকে ফেলে দেন রিবেইরো। প্রে এগিয়ে মাথায় সজোরে এক লাথি মারেন তিনি। বুটের আঘাতে তৎক্ষণাৎ মাঠে জ্ঞান হারান ক্রিভেলারো। এরপর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘণ্টাখানেক অজ্ঞান থাকার পর স্থানীয় সময় রাত ১১টার দিকে জ্ঞান ফিরেছে তার।
জ্ঞান ফিরলেও এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে ক্রিভেলারোকে। ঘটনার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অতিরিক্ত রেফারি। নতুন করে ম্যাচটি অনুষ্ঠিত হবে না-কি গুরানিকে পূর্ণ পয়েন্ট দেওয়া হবে তা এখনও জানা যায়নি।
লজ্জাজনক এ ঘটনার পর রিবেইরোর সঙ্গে চুক্তি বাতিল করেছে সাও পাওলো আরএস। রেফারি ক্রিভেলারো দ্রুত সুস্থতা কামনা করে একই সঙ্গে সে ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন ক্লাব প্রেসিডেন্ট দেলভিদ গুলার্ট।