মারামারি নয়, ভিনিসিয়ুস-রিচার্লিসন স্রেফ মজা করছিলেন!

স্পোর্টস ডেস্ক

জাপানের বিপক্ষে নামার আগে ব্রাজিলের অনুশীলনে রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র হাতাহাতি করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে ঘটনার আসল ভিডিও কোচ তিতের কথা থেকে জানা যায় গুরুতর কোন 'হাতাহাতি' নয়, স্রেফ নিজেদের মধ্যে মজা করছিলেন তারা।

টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়ে আসার পর সংবাদ সম্মেলনে রিচার্লিসন-ভিনিসিয়ুসের মধ্যে কি হয়েছিল জানতে চাওয়া হলে ব্রাজিল কোচ জানান, ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, আসলে হয়নি তেমন কিছুই, 'এই দুনিয়ায় কতই না ভুয়া খবর হয়। খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে বলেরিপোর্ট করেছে, কিন্তু এটা মিথ্যা।'

একটি ছবিতে তৈরি হওয়া বিভ্রান্তি ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওতে দূর করেছে রিচার্লিসন নিজেও। সেখানে দেখা যায় কেবল ভিনিসিয়ুস নয়, দালি আলভেজসহ আরও কয়েকজনও হালকা চড় থাপ্পড় মারছেন রিচার্লিসনকে। অনুশীলনে নিজেদের মধ্যে মজা করার জন্যই আরকি।

সোমবার ব্রাজিলের জয়ে বদলি হিসেবে নেমে অবদান ছিল রিচার্লিসনেরও। ৭৭ মিনিটে জাপানের বক্সে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার সময় ফাউলের শিকার হয়ে পেনাল্টি অর্জন করেন তারা। যা থেকে ম্যাচ জেতানো একমাত্র গোল করেন নেইমার।