মার্চে মালদ্বীপ-মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মার্চে ফিফা উইন্ডোতে অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচের বিরতি চলাকালীন সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপ ও ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

আগামী ২৪ মার্চ মালদ্বীপের মালেতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর চার দিন পর ঘরের মাঠে সিলেটে লাল-সবুজ জার্সি ধারীদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় জাতীয় দলের কমিটির চেয়ারম্যান বলেছেন, "আমরা আগামী ২১ থেকে ২৯ মার্চ ফিফা উইন্ডো ব্যবহার করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। অভ্যন্তরীণ আলোচনার পরে, আমরা প্রাথমিকভাবে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ চলছে।'

'আমাদের দল আগামী ২২ মার্চ মালদ্বীপে যাবে এবং ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পরের দিন দলটি ফিরে আসবে এবং সরাসরি সিলেটে চলে যাবে, যেখানে তারা মঙ্গোলিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।' -যোগ করেন নাবিল।

এর আগে জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। কিন্তু কোভিড সংক্রমণ রোধে ডাবল-ডোজ টিকা দেওয়ার জন্য দেশটির কঠোর ব্যবস্থাপনার জন্য সে সফরটি বাতিল করতে হয়েছিল।

বাংলাদেশ জাতীয় দলের কিছু খেলোয়াড়দের তখন ডাবল-ডোজ টিকা দেওয়া হয়ে ওঠেনি। তবে এরপর বাফুফে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।

বাংলাদেশ বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৬তম স্থানে অবস্থান করছে। এর চেয়ে দুই ধাপ পিছিয়ে আছে মঙ্গোলিয়া। মালদ্বীপের ফিফা র‍্যাঙ্কিং ১৫৭তম।