মিরাজুলের হ্যাটট্রিকে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরাজুল ইসলামের দুর্দান্ত হ্যাটট্রিকে তারা উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ফলে প্রতিযোগিতার ফাইনালের পথে এগিয়ে গেছে পল স্মলির শিষ্যরা।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে ম্যাচের চালকের আসনে বসে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশও পারেনি ব্যবধান বাড়াতে।
মিরাজুলের লক্ষ্যভেদেই আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে তারা। এবার মালদ্বীপকে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা বাংলাদেশ জোরালো করেছে ফাইনালে খেলার সম্ভাবনা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে নেপাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান তিনে। আগামী ২ অগাস্ট নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসা বাংলাদেশ এগিয়ে যায় ১৯তম মিনিটে। নোভার প্রচেষ্টা মালদ্বীপের গোলরক্ষক শাইহান আলি ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে বল জালে পাঠান মিরাজুল।
তিন মিনিট পর ফের গোলের উল্লাস করেন মিরাজুল। মুর্শেদ আলি হেড করে বল গোলমুখে ফেললে মিরাজুলের নেওয়া প্রথম শট বাধা পায় ক্রসবারে। তবে তার ফিরতি শট ঠিকই ভেদ করে নিশানা।
৩২তম মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলেও মিরাজুল রাখেন অবদান। তার ক্রসে শাইহানকে পরাস্ত করেন রফিকুল ইসলাম। বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ হয় মিরাজুলের। আগের ম্যাচের নায়ক নোভার পাসে মালদ্বীপের জাল কাঁপান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে মালদ্বীপের হয়ে লক্ষ্যভেদ করেন জাইন জাফর। তবে বাকি সময়ে আক্রমণে ধারাল হতে পারেনি তারা। বাংলাদেশই বরং বেশ কিছু সুযোগ হাতছাড়া করে। মিরাজুল ও নোভা শাইহানকে ফাঁকি দিতে না পারায় ব্যবধান আর বাড়েনি।