মেসিকে উঠিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন পিএসজি কোচ
ম্যাচে তখন ১-১ গোলে সমতা। লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখতে এ সময় দলের সেরা খেলোয়াড়দের মাঠে রাখেন যে কোনো কোচ। কিন্তু উল্টো পথেই যেন হাঁটলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। দলের সেরা তারকা লিওনেল মেসিকে তুলে নিয়ে একজন ডিফেন্ডারকে মাঠে নামান। তার এমন পরিবর্তনে অবাক সবাই।
নেইমার-এমবাপেদের সঙ্গে রসায়নটা সে অর্থে জমে ওঠেনি বটে, তবে আগের দিন অলিম্পিক লিঁওর বিপক্ষে খারাপ খেলেননি লিওনেল মেসি। অনেকবারই প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়িয়েছেন। দারুণ কিছু আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। এমনকি প্রতিপক্ষের বারপোস্ট থেকেও তার একটি শট লেগে ফিরে আসে। তাই এমন পরিবর্তনে অবাক হয়েছেন খোদ মেসিও।
ম্যাচের ৭৫তম মিনিটে মেসিকে নামিয়ে আশরাফ হাকিমিকে নামান পচেত্তিনো। সিদ্ধান্তটা যে মেসির পছন্দ হয়নি, সেটা মাঠ ছাড়ার সময় পচেত্তিনোর সঙ্গে হাত মেলানোর সময়ে এ আর্জেন্টাইন তারকার অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে গেছে। এমনকি ডাগআউটেও বিস্মিত দেখা গিয়েছে তাকে।
ম্যাচ শেষে মেসিকে পরিবর্তন করার কারণ ব্যাখ্যা করেন পচেত্তিনো, 'ভবিষ্যতের সম্ভাব্য চোটের চিন্তা করেই আমরা মেসিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমাদের আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং সে সকল ম্যাচের জন্য আমাদের তাকে রক্ষা করতে হবে। এটা দলের জন্য নেওয়া সিদ্ধান্ত এবং সবাই জানে আমাদের অনেক দারুণ খেলোয়াড় রয়েছে। আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে। কখনও কখনও তাদের অনুকূলভাবে দেখা যেতে পারে, কখনও কখনও একটু কম।'
তবে নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান ভাবতে পারেন পচেত্তিনো। কারণ শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে অলিম্পিক লিঁওকে হারিয়েছে তার দল। শেষ দিকে আরেক বদলি খেলোয়াড় মাউরো ইকার্দির গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। অন্যথায় তাকে নিয়ে সমালোচনা অনেক বেশি হতে পারতো।