মেসিকে পিএসজি দর্শকদের দুয়ো দেওয়া অবিশ্বাস্য: পচেত্তিনো

লেঁসের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির গোল জিতে ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। কিন্তু ক্লাবটি যখন চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করছিল, তখন তাদের খুব সংখ্যক সমর্থকই মাঠে উপস্থিত ছিলেন। কেবল তা-ই নয়, গ্যালারি ছাড়ার আগে আর্জেন্টাইন তারকা মেসিকে আরও এক দফা দুয়ো দেন প্যারিসিয়ানদের অনেক দর্শক। ভক্তদের একটি অংশের এমন আচরণ দলটির কোচ মরিসিও পচেত্তিনোর কাছে রীতিমতো অবিশ্বাস্য লাগছে।

শনিবার রাতে চার ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। আসরে এটি তাদের দশম শিরোপা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা লেঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিরতির পর ২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। ম্যাচের কয়েক মিনিট বাকি থাকতে কোরেন্তিন জ্যাঁয়ের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর পিএসজি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে বিনা ট্রান্সফার ফিতে দলে টানে মেসিকে। কিন্তু রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে মাত্র ৯ গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। হেসেখেলে লিগ চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির যাত্রা থামে শেষ ষোলোতেই। গত মাসে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ছিটকে যাওয়ার ম্যাচে মেসি ছিলেন নিষ্প্রভ। এরপর থেকেই তাকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন পিএসজির অনেক ভক্ত।

৩৪ বছর বয়সী মেসিকে দুয়ো দেওয়ার প্রসঙ্গে পচেত্তিনো বলেছেন, 'মেসিকে শিস দেওয়া? এটা অবিশ্বাস্য। এটা মেনে নেওয়া কষ্টকর। এটা এমন একটা পরিস্থিতি যা কল্পনাও করা যায় না। আমার মতে, এটা বোঝাও দুষ্কর। মেসি যে মাপের তারকা এবং ফুটবলকে সে যা কিছু দিয়েছে আর ভবিষ্যতেও দিয়ে যাবে, সে অনুসারে, তার বিপরীতে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।'

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর পচেত্তিনোর শিষ্যদের প্রথম ম্যাচ ছিল বোর্দোর বিপক্ষে। সেদিন মেসি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পায়ে বল গেলেই তাদেরকে শুনতে হয় দুয়ো। একই ঘটনা ঘটেছে লেঁসের বিপক্ষেও। সমর্থকদের অসন্তুষ্টির কারণটাও সহজেই অনুমেয়। সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারকে দলে নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু প্রয়োজনের মুহূর্তে তারা ব্যবধান গড়ে দিতে ব্যর্থ হন। ফলে আরও একবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা পিএসজির নাগালের বাইরে থেকে গেছে।