মেসির কারণে আটটি নতুন স্পন্সরশিপ চুক্তি করেছে পিএসজি
পিএসজিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসিকে সেরা ফর্মে সেভাবে পাওয়া যায়নি। তাছাড়া, চোট ও করোনাভাইরাস ব্যাঘাত ঘটিয়েছে তার ছন্দে। তবে আর্জেন্টাইন তারকার মাঠের পারফরম্যান্স যেমনই হোক না কেন, মাঠের বাইরে ব্যাপক প্রভাব রেখেছেন তিনি। তাতে আর্থিকভাবে ভীষণ লাভবান হয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটির আটটি নতুন স্পন্সরশিপ চুক্তি করার ক্ষেত্রে সাহায্য করেছেন মেসি।
শুক্রবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে বলেছে, মেসিকে দলে টানার পাঁচ মাসের মধ্যে আর্থিক সুফল পেতে শুরু করেছে পিএসজি। কেবল নতুন আটটি স্পন্সরশিপ চুক্তি তারা করেছে, এমনটা নয়। দলটির পুরনো বেশ কিছু স্পন্সরশিপ চুক্তি নবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেসির উপস্থিতি।
পিএসজির স্পন্সরশিপ ডিরেক্টর মার্ক আর্মস্ট্রং বলেছেন, '(হিসাবনিকাশ শেষে দেখা যাবে যে) ২০২১ সালে আমাদের আয় যে পরিমাণ বৃদ্ধি পাবে, সেটা হবে তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের চেয়ে ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে আমাদের আয়। গত কোপা আমেরিকায় মেসি সেরা ছন্দে ছিলেন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তিনি সেই ধারা বজায় রেখেছেন। তার পাশাপাশি (জিয়ানলুইজি) দোন্নারুমা, (আশরাফ) হাকিমি ও (কিলিয়ান) এমবাপেও ভূমিকা রেখেছেন।'
২০২০ সালে বাণিজ্যিক খাত থেকে পিএসজির আয়ের পরিমাণ ছিল ২৩৫ মিলিয়ন (২৩.৫ কোটি) ইউরো। এটি ছিল তাদের মোট বার্ষিক আয়ের ৫৪ শতাংশ। নতুন নতুন চুক্তির কারণে প্যারিসিয়ানদের ২০২১ সালের বাণিজ্যিক আয় অনুমিতভাবেই অনেক বাড়ার কথা।
গত অগাস্টে স্পেনের ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে পিএসজিতে নাম লেখান মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড সেখানে যাওয়ার পর যে আটটি নতুন স্পন্সর পেয়েছে দলটি, তাদের মধ্যে রয়েছে ফ্রান্সের ফ্যাশন হাউজ দিওর এবং সিঙ্গাপুরের ক্রিপ্টোকারেন্সি অ্যাপ ক্রিপ্টো ডট কম। তাছাড়া, নাইকি আগামী ২০৩২ সাল পর্যন্ত পিএসজির ফুটবলারদের কিট সরবরাহ করবে। আরও কয়েকটি স্পন্সরের মতো কোকাকোলাও আগামী ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পিএসজির সঙ্গে।
পিএসজির হয়ে মেসির মাঠের ক্যারিয়ারের শুরুটা অবশ্য প্রত্যাশা অনুযায়ী হয়নি। চলতি মৌসুমের অর্ধেক পেরিয়ে গেলেও ফরাসি লিগ ওয়ানে তিনি জালের দেখা পেয়েছেন কেবল একবার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে তার গোল ছয়টি, অ্যাসিস্ট পাঁচটি।
গত ২ জানুয়ারি করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে মেসির। চার দিন পরই অবশ্য নেগেটিভ হন তিনি। তবে সেরে উঠলেও তাকে বিশ্রামে রেখেছে পিএসজি। আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন ৩৪ বছর বয়সী তারকা।