মেসির পার্টিতে গিয়ে 'হত্যাকারী' আখ্যা পেলেন সেই ডিজে

স্পোর্টস ডেস্ক

বড়দিনের ছুটিতে নিজ দেশ আর্জেন্টিনায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন তিনি। ছুটি চলাকালীন বেশ কিছু পার্টিতে অংশগ্রহণ করেন তিনি। এর মধ্যে একটিতে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন স্বদেশি ডিজে ফার প্যালাসিওকে। সেই পার্টিতে মেসি ও তার স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মেসি করোনা পজিটিভ হওয়ার পর ওই ডিজে পড়েছেন মহাবিপাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্যালাসিওকে করা হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তু। ভক্তদের কেউ কেউ অভিযোগ করেছেন, প্যালাসিওর মাধ্যমেই মেসির শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এমনকি তাকে 'হত্যাকারী' হিসেবেও উল্লেখ করেছেন অনেকে।

অভিযোগ থেকে রক্ষা পেতে এবং নিজেকে নির্দোষ প্রমাণে সোমবার ইন্সটাগ্রামে নিজের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফল দেখিয়েছেন প্যালাসিও। পাশাপাশি ৩১ বছর বয়সী এই ডিজে বলেছেন, 'মেসি কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আমি এখন টুইটারে ট্রেন্ডিং (আগ্রহের বিষয়)। সবাই এর সঙ্গে আমাকে জড়িয়ে বলছে, আমিই তাকে আক্রান্ত করেছি। এমনকি তারা আমাকে "খুনি"ও বলছে।'

প্যালাসিও যোগ করেছেন, 'আমি অনেক বাজে বাজে ব্যক্তিগত বার্তা পেয়েছি। গতকাল আমি করোনা পরীক্ষা করেছি। কারণ, আমাকে উরুগুয়ে যেতে হবে এবং আমার করোনা নেই।'

গত সপ্তাহে মেসির পার্টিতে গিয়ে ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করে প্যালাসিও লিখেছিলেন, 'আমি সর্বকালের সেরাকে নাচাতে পেরেছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মেসি পরিবারের সবাইকে ধন্যবাদ।'

উল্লেখ্য, ছুটি শেষে মেসির পিএসজিতে যোগ দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তা স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে। তাকে আগে কোয়ারেন্টিনের মেয়াদ পূর্ণ করতে হবে। এরপর তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই তিনি পাড়ি জমাতে পারবেন ফ্রান্সে।