মেসির বার্সা ছেড়ে যাওয়ায় কোনো অনুশোচনা নেই লাপোর্তার
বার্সেলোনার সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে চরম কঠিন এক সিদ্ধান্ত নিতে হয় জোয়ান লাপোর্তাকে। ক্লাবের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কারণে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি তার নেতৃত্বাধীন বোর্ড। এতে ক্লাতালানদের বহু ভক্ত-সমর্থকের চক্ষুশূল হয়েছেন তিনি। তবে বার্সার ইতিহাসের সেরা ফুটবলারকে ছেড়ে দেওয়া নিয়ে দুঃখবোধ থাকলেও কোনো অনুশোচনা নেই লাপোর্তার।
সোমবার বার্সার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, 'এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমি কখনোই এটা করতে চাইনি। কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। কারণ, ক্লাবকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে আমাদের। আর আমরা সেটাই করেছি। সেরা খেলোয়াড়ের আগে ক্লাবকে রেখেছি।'
গত অগাস্টে এক বিবৃতিতে বার্সা জানায় যে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারছে না তারা। দুই পক্ষের ইচ্ছা থাকা সত্ত্বেও স্প্যানিশ লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে নতুন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। শৈশবের ক্লাবের সঙ্গে দুই দশকের নিবিড় সম্পর্কের অবসানের পর চোখের জলে ক্যাম্প ন্যুকে বিদায় জানান মেসি। এরপর কিলিয়ান এমবাপে, নেইমারদের সঙ্গে তিনি যোগ দেন ফরাসি পরাশক্তি পিএসজিতে।
ব্যক্তির চেয়ে ক্লাব ঊর্ধ্বে, এই আপ্তবাক্য ফের মনে করিয়ে দিয়েছেন লাপোর্তা, 'আমরা বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম। মনে হয়েছিল যে সামনে আর কিছুই নেই। কিন্তু বার্সেলোনার ইতিহাস অব্যাহত রয়েছে। পরিশ্রম ও সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা সাফল্যের পথে ফিরতে পারি। সেটাই আমরা করছি।'
তরুণ প্রতিভাদের মূল দলে সুযোগ দেওয়ায় সাবেক কোচ রোনাল্ড কোমানের প্রতি কৃতজ্ঞ বার্সা সভাপতি। তবে গত অক্টোবরে তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্তকেও যৌক্তিক বলেছেন তিনি, '(বার্সায় কোমানের) প্রথম মৌসুমের পর তাকে নিয়ে আমার কিছু সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সম্মান দেখিয়ে তাকে (আরও সুযোগ দেওয়ার) চেষ্টা করেছিলাম। কিন্তু এমন একটা সময় এসেছিল, যখন আরেকটি দুঃখজনক সিদ্ধান্ত নিতেই হতো।'