মেসির সমালোচকদের ধুয়ে দিলেন নেইমার

By স্পোর্টস ডেস্ক

হুট করেই গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটিতে গত মৌসুমে সে অর্থে মানিয়ে নিতে পারেননি। বাজে না খেললেও মেসিসুলভ খেলা দেখতে পারেনি সমর্থকরা। বার্সায় থাকাকালীন সময়ের জাদু অনেকটাই অনুপস্থিত ছিল মাঠে। আর তাতে সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। এমনকি শুনতে হয়েছে দুয়োও।

আগের দিন ফ্রেঞ্চ কাপের ফাইনালে নতেঁর বিপক্ষে যেন বার্সেলোনার সেই মেসিকে দেখতে পায় সমর্থকরা। ৪-০ গোলের জয়ের প্রথম গোলটি আসে তার পা থেকেই। ম্যাচ সেরাও এ আর্জেন্টাইন। মেসির এমন পারফরম্যান্সের পর সমালোচকদের রীতিমতো এক হাত নিয়েছেন সতীর্থ নেইমার।

প্রাইম ভিডিওর সঙ্গে আলাপকালে মেসির সমালোচকদের ধুয়ে দেন এ ব্রাজিলিয়ান। এই ম্যাচ দিয়ে নতুন মেসির অভিষেক হলো কি-না জানতে চাইলেই ক্ষেপে যান তিনি, 'আমার তা মনে হয় না, লোকজন (মেসিকে নিয়ে) বেশি কথা বলে। (ক্লাবে) প্রতিদিন কী ঘটে কিংবা ভেতরে ভেতরে কী ঘটে সেসব তারা জানে না।'

'লিও তো লিও–ই। সে লিওই থাকবে। এটা কখনো পাল্টাবে না। সে সব সময় পার্থক্য গড়ে দেবে। আশা করি আমাদের তিনজনের সময় যেন ভালো কাটে। তিনজন বলতে আমি, লিও ও (কিলিয়ান) এমবাপের কথা বলছি। আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে,' যোগ করে আরও বলেন নেইমার।

গত মৌসুমে পিএসজির হয়ে মোট ৩৪টি ম্যাচ খেলেছিলেন মেসি। তাতে গোল দিয়েছেন ১১টি। এরমধ্যে লিগ ওয়ানে দিতে পেরেছেন মাত্র ৬টি। তাতেই সমালোচনা হয় তাকে নিয়ে। যদিও ১৪টি অ্যাসিস্ট ছিল তার। দুর্ভাগ্যও সঙ্গে ছিল, তার ১৩টি শট ফিরে আসে বারপোস্টে লেগে।