মেসি-নেইমারের সঙ্গে এমবাপের দক্ষতাকে সংযুক্ত করাই পিএসজির চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন খেলোয়াড় লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। তিন জনই খেলেন পিএসজিতে। কিন্তু দলটির হয়ে এখনও ত্রয়ী জ্বলে উঠতে পারেনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। এ সমস্যার কারণ খুঁজতে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন। কোচ মাউরিসিও পচেত্তিনোও এ সমস্যার কারণ খুঁজে নিজের পক্ষে যুক্তি দিয়েছেন। আর সময়ের সঙ্গে সঙ্গেই এ সমস্যার সমাধান হবে বিশ্বাস করেন এ আর্জেন্টাইন কোচ।

পিএসজির আক্রমণভাগে চলতি মৌসুমে নতুন সংযোজন মেসি। কিন্তু পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরনো। নেইমার, আনহেল দি মারিয়া এমন মাউরো ইকার্দির সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ। নেইমারকে নিয়ে বার্সেলোনায় সবকিছুই জিতেছেন। দি মারিয়ার সঙ্গে জাতীয় দলের হয়ে কদিন আগেও জিতলেন কোপা আমেরিকা। কিন্তু কিলিয়ান এমবাপের সঙ্গে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম। মূলত এমবাপে ও মেসির সম্পর্কটা জোরালো করাই এখন পচেত্তিনোর মূল চ্যালেঞ্জ।

আর চ্যালেঞ্জ উতরাতে অনুশীলনে কাজটা করে যাচ্ছেন পচেত্তিনো। এখন মাঠে তার প্রতিফলনের অপেক্ষায় আছেন তিনি। এ ত্রয়ী এখন পর্যন্ত তিন ম্যাচ খেললেও মাঠে তাদের মধ্যে রসায়নের অভাব দেখা গিয়েছে স্পষ্ট। সবশেষ অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে সমন্বয়ের অভাব দেখে মেসিকে সরিয়ে ফেলেছিলেন এ আর্জেন্টাইন কোচ, 'আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে আমাদের কিলিয়ান এমবাপের দক্ষতাকে একত্রিত করতে হবে। কারণ মেসি ও দি মারিয়া কিংবা মেসি ও নেইমার ইতোমধ্যেই তারা একে অপরকে জানে। আমাদের আরও সময়ের প্রয়োজন।'

লিঁওর বিপক্ষে স্বাভাবিক ৪-৩-৩ পদ্ধতির পরিবর্তে ৪-২-৩-১ পদ্ধতিতে খেলিয়েছিলেন পচেত্তিনো। সামনে এমবাপেকে রেখে দুই উইংয়ে খেলিয়েছিলেন নেইমার ও আনহেল দি মারিয়াকে। মেসি খেলেছেন মাঝে। কিন্তু শেষ পর্যন্ত কোচের এ ফটকা কাজে লাগেনি। তবে ধীরে ধীরে এ পদ্ধতি কার্যকর হয়ে উঠবে বলে এ কোচের বিশ্বাস, 'এটা সত্য যে লিঁওর বিপক্ষে আমরা ৪-৩-৩ পদ্ধতির পরিবর্তে ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছি। অবস্থান, জটিলতা এবং খেলার সংগঠন নিয়ে যে প্রশ্ন রয়েছে এরজন্য মানিয়ে নিতে আরও সময় দিতে হবে।'

চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচ শেষেই এ তিন তারকার জন্য আরও সময় চেয়েছিলেন পচেত্তিনো। মেতজসের বিপক্ষে মাঠে নামার আগেও একই কথা বললেন এ কোচ, 'সময়ের সঙ্গে সঙ্গে এবং অনুশীলনের সঙ্গে আমাদের অটোম্যাটিক মুভমেন্ট তৈরি করতে হবে। আমাদের শুধু অনুশীলনের জন্য নয়, খেলার জন্যও একত্রিত হওয়া দরকার।'

তবে ধীরে ধীরে যে তারা উন্নতি করছেন তার পক্ষেও যুক্তি তুলে ধরেন এ কোচ, 'আমরা সত্যিই খুশি যে আমরা লিঁওর বিপক্ষে ম্যাচে আরও উন্নতির ধারা দেখতে পেয়েছি।'

উল্লেখ্য, লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে মেতজের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। তবে হাঁটুর ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না মেসি।