ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিল তলানির দল বার্নলি

স্পোর্টস ডেস্ক

বার্নলির বিপক্ষে শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে প্রায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে এগিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে পাশা যায় উল্টে। অসাধারণ পারফর্ম করে সমতায় ফেরে পয়েন্ট তলানিতে অবস্থান করা দলটি। শেষ পর্যন্ত রেড ডেভিলদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় তারা।

মঙ্গলবার রাতে টার্ফ মুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ইউনাইটেডের হয়ে এক বছরের বেশি সময় পর গোল পান পল পগবা। বার্নলির হয়ে গোলটি পরিশোধ করেন জয় রদ্রিগেজ।

সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। কদিন আগে ঘরের মাঠে দ্বিতীয় সারীর দল মিডলসব্রোর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে তারা। এবার লিগে পয়েন্ট হারিয়ে সেরা চার থেকে ছিটকে গেল দলটি।

এদিন মাঝ মাঠের দখল ছিল ইউনাইটেডেরই। ৬৪ শতাংশ বল পায়ে ছিল তাদের। মোট ২২টি শট নেয় তার। যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

এদিন ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে মাঠে নামে ইউনাইটেড। দ্বাদশ মিনিটেই বল জালে পাঠিয়েছিল তারা। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান রাফায়েল ভারানে। কিন্তু এর আগে হ্যারি ম্যাগুইর ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

তবে এর ছয় মিনিট পরই এগিয়ে যায় দলটি। ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লুক শকে পাস দেন মার্কাস রাশফোর্ড। এ ফুলব্যাকের কাটব্যাক থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন পগবা। ৩৮৪ দিন পর ইউনাইটেডের হয়ে গোলের দেখা পেলেন এ ফরাসি মিডফিল্ডার।

এর তিন মিনিট পর ফের বার্নলির জালে বল জড়িয়েছিল। রাশফোর্ডের ক্রসে নিজেদের জালেই বল পাঠান বার্নলির ডিফেন্ডার বেন মি। কিন্তু এর আগ মুহূর্তে পগবা তাকে ফাউল করায় গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় স্বাগতিকরা। ভাউট ওয়েগহর্স্টের পাস থেকে লক্ষ্যভেদ করেন রদ্রিগেজ। দুই মিনিট পর ওয়েগহর্স্টের দূরপাল্লার শট ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে গিয়া ঝাঁপিয়ে না ঠেকালে এগিয়ে যেতে পারতো বার্নলি।

৬৮তম মিনিটে কাভানিকে তুলে রোনালদোকে নামান ইউনাইটেড কোচ রাংনিক। তবে তাতে লাভ হয়নি। সে অর্থে তেমন সুযোগই আর তৈরি করতে পারেনি তারা। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

২৩ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চারে উঠেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। তলানিতে থাকা বার্নলির সংগ্রহ ২০ ম্যাচে ১৪ পয়েন্ট।