ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির স্কোয়াডে মেসি

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন গত রবিবার। এবারে ফিরলেন স্কোয়াডেও। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে মোকাবিলার জন্য দল ঘোষণা করেছে পিএসজি।

মঙ্গলবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে 'এ' গ্রুপে মাঠে নামছে দুই পরাশক্তি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত দলে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির পাশাপাশি ফিরেছেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গত ২০ সেপ্টেম্বর ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিওঁর বিপক্ষে পিএসজির ২-১ গোলে জয়ের ম্যাচে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল মেসিকে। পরে ম্যাচের ৭৫তম মিনিটে পচেত্তিনো মাঠ থেকে উঠিয়ে নেন তাকে। দুদিন পর স্ক্যান রিপোর্টে তার হাঁটুতে চোটের ব্যাপারটি নিশ্চিত হয়। ফলে মেতজ ও মঁপেলিয়ের বিপক্ষে লিগের পরের দুটি ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

মেসির মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করার পক্ষপাতী নন পিএসজি কোচ পচেত্তিনো। এর আগে বেশ কয়েকবার তা বলেছেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির অনুপস্থিতি চান না সে কথাও দল ঘোষণার আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে গত মাসে ফ্রান্সে পাড়ি জমানোর পর পিএসজির জার্সিতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মেসি। তবে জালের ঠিকানা এখনও অধরা রয়ে গেছে তার। দুবার অবশ্য তাকে হতাশ করেছে ক্রসবার।

প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে ১-১ গোলে ড্র করা পিএসজি আছে গ্রুপের দ্বিতীয় স্থানে। অন্যদিকে, আরবি লাইপজিগকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ ব্যবধানে বিধ্বস্ত করা পেপ গার্দিওলার দলের অবস্থান শীর্ষে।