যুদ্ধের পরিস্থিতিতে চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রাহামোভিচ
রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে পড়ছে একের পর এক প্রভাব। সবচেয়ে বড় খবরটি দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ। এই রাশিয়ান ধনপতি নিজের ভালোবাসার ক্লাবটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার রাতে চেলসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আব্রাহামোভিচ জানান, অনেকটা বাধ্য হয়েই এমন পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্ত নিতে তাকে কঠিন মানসিক পরিস্থিতিও পার করতে হয়েছে।
রাজনৈতিক টানাপোড়নের জেরে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা চালানোর পর একজোট হয়ে যায় পশ্চিমা বিশ্ব। রাশিয়ার উপর আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে প্রচার করা হয় আব্রাহামোভিচকে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে চেলসির এই মালিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠে। এমন পরিস্থিতিতে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার গুজব উড়িয়ে দেওয়ার পাশাপাশি চেলসি বিক্রির ঘোষণা দেন আব্রাহামোভিচ। অনেকটা আবেগ ঝরে পড়ে তার কথায়, 'আমি ক্লাবের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এই পরিস্থিতিতে তাই ক্লাবকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি বিশ্বাস করি এটি ক্লাব, সমর্থক, স্পন্সর, সংশ্লিষ্ট সবার জন্য ভাল হবে।'
২০০৩ সালে ১৪ কোটি পাউন্ডে চেলসিকে কিনেছিলেন এই রুশ ধনকুবের। এরপর বিভিন্ন সময় ক্লাবটিকে তিনি দিয়েছিলেন ১৫০ কোটি পাউন্ড। তবে সেই ধার মওকুফ করে দিয়েছেন তিনি। আব্রাহামোভিচ জানান, চেলসি বিক্রির টাকা তিনি দান করতে চান ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
এদিকে বিসিবি জানায়, এরমধ্যেই ৩ বিলিয়ন পাউন্ডের একটা প্রস্তাবও পেয়ে গেছেন আব্রাহামোভিচ। তিনি দায়িত্ব নেওয়ার পর দারুণ সাফল্য পায় চেলসি। প্রিমিয়ার লিগে তার অধীনেই ৫টি শিরোপা জেতে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দুবার।
ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ক্রীড়াঙ্গনে অনেক প্রভাব পড়েছে এরমধ্যে। সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।