যে মেসির সমালোচনা করে সে ফুটবলের কিছুই জানে না: বেনজেমা
লিগ ওয়ানে ১১টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে মাত্র একটি গোল করতে পেরেছেন। তাতেই গেল গেল রব তুলে ফেলেছেন অনেকেই। কেউ কেউ আবার তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। শুধু গোল বিচার করে যারা মেসির সমালোচনা করছেন, তাদের রীতিমতো এক হাত নিয়েছেন করিম বেনজেমা। তারা ফুটবলের কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন এ রিয়াল মাদ্রিদ তারকা।
অনেকটা ইচ্ছার বিরুদ্ধে চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে। বাধ্য হয়ে নতুন তাঁবু ফেলেন প্যারিসে। শারীরিকভাবে কিছুটা আগ্রাসী ফুটবলের এ লিগে এখনও সে অর্থে মানিয়ে নিতে পারেননি মেসি। কিছুটা নিচের দিকে নেমে প্লে মেকারের কাজটা নিয়মিতই করে যাচ্ছেন। গোল না পেলেও গোলের উৎস তৈরি করছেন। অ্যাসিস্টও করছেন। আর চ্যাম্পিয়ন্স লিগে তো দারুণ ছন্দেই আছেন।
কিন্তু তারপরও মেসির যারা সমালোচনা করছেন তাদের কিছুটা আক্রমণাত্মক মন্তব্যই করেছেন বেনজেমা। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'সে (মেসি) কিভাবে সফল নয়? এটা তার মানিয়ে নেওয়ার সময়। সে হয়তো অনেক গোল করছে না, কিন্তু সে মাঠে কি করছে দেখুন। কোন অবস্থাতেই আপনি এমন একজন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না। যে মেসির সমালোচনা করে, সে আসলে ফুটবল সম্পর্কে কিছুই জানে না!'
বার্সায় থাকাকালীন সময়ে জাভি-ইনিয়েস্তাদের বিদায়ের পর থেকেই নিজের খেলার ধরণে কিছুটা পরিবর্তন এনেছেন মেসি। গোল করার চাইতে গোল করানোতেই মনযোগী তিনি। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানও তাই বলে দেয়। এমনকি নিজেও বেশ কিছু সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু তারপরেও দেখা যেত, ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনিই। এমনকি লিগেরও। তবে নতুন লিগে যোগ দেওয়ার পর সে ধারাটা কমে যাওয়াতেই সমালোচনা হচ্ছে ব্যাপক।
তবে লিগ ওয়ানে সংগ্রাম করলেও চ্যাম্পিয়ন্স লিগে শুরু থেকেই মানিয়ে নিয়েছেন। একই ঢঙ্গে খেললেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫টি ম্যাচ খেলে ৫টি গোল পেয়েছেন তিনি।