রক্ষণদেয়ালের পেছনে শুয়ে পড়া মেসির জন্য 'অসম্মানজনক': ফার্ডিনান্ড

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিট। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি পেল ফ্রি-কিক। তখনই দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। পিএসজির রক্ষণদেয়ালের পেছনে মাটিতে শুয়ে পড়লেন লিওনেল মেসি। তার গড়ানো ফ্রি-কিক যেন জালে না পৌঁছায় সেজন্য অতীতে অনেকবার এমন কাজ করতে দেখা গেছে প্রতিপক্ষের খেলোয়াড়দের। কিন্তু তিনি নিজেই সেই অবস্থানে থাকতে হবে এ কথা মেসি হয়তো নিজেও ভাবেননি!

সিটির রিয়াদ মাহরেজ অবশ্য মাটি কামড়ানো ফ্রি-কিক নেননি। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। বাকিটা সময়ও জাল অক্ষত রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি পরাশক্তিরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের 'এ' গ্রুপে পিএসজি-সিটি ম্যাচের পর মেসি বন্দনায় মেতেছেন ভক্ত-সমর্থকরা। সেটা হবে না-ই বা কেন! নতুন ক্লাবের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ইদ্রিসা গে অষ্টম মিনিটে প্যারিসিয়ানদের এগিয়ে দেওয়ার পর ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নজরকাড়া শটে জাল কাঁপান মেসি।

এরপর আসে ফ্রি-কিকের সময় রক্ষণদেয়ালের পেছনে মেসির শুয়ে পড়ার সেই মুহূর্ত। এতে অনেক ফুটবলপ্রেমী তার দলের প্রতি গভীর নিবেদন খুঁজে পাওয়ার প্রয়াস পেয়েছেন। কিন্তু বিষয়টি একেবারেই পছন্দ হয়নি রিও ফার্ডিনান্ডের। মেসিকে এভাবে ব্যবহার করায় পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর ওপর ভীষণ চটেছেন তিনি।

মেসিকে রক্ষণদেয়ালের পেছনে শুয়ে পড়তে দেখে বিহ্বল হয়ে পড়া ইংল্যান্ডের সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান ফুটবল বিশ্লেষক ফার্ডিনান্ড যুক্তরাজ্যের গণমাধ্যম বিটি স্পোর্টসকে বলেছেন, এমনটা ঘটায় সম্মানহানি হয়েছে মেসির 'মেসির সঙ্গে এমনটা হতে পারে না। না, না, না, না। (পচেত্তিনো) আপনি এটা করতে পারেন না। এটা অসম্মানজনক।'

রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি দলের সিনিয়র ও তারকা খেলোয়াড়। তাই সতীর্থ হিসেবে থাকলে তাকে কিছুতেই মাটিতে শুয়ে পড়তে দিতেন না ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক ফার্ডিনান্ড, 'আমি হলে এমনটা চাইতাম না। আমি তাদের দলে থাকলে তাকে বলতাম, "শোনো, আমি তোমার পরিবর্তে আমি শুয়ে পড়ব।" দুঃখিত, আমি তাকে ওভাবে শুয়ে থাকতে দেখতে পারছি না!'

অনুশীলনে যখন পিএসজি কোচ পচেত্তিনো রক্ষণদেয়ালের পেছনে মেসিকে এমন কিছু করতে বলেছিলেন, তখনই কোনো খেলোয়াড়ের প্রতিবাদ করা উচিত ছিল বলে মনে করছেন ফার্ডিনান্ড, 'যে মুহূর্তে মরিসিও পচেত্তিনো তাকে অনুশীলন মাঠে এমনটা করতে বলেছিল, কারও তখনই সেখানে গিয়ে বলা উচিত ছিল, "না, না, না, না, না, না, না।'

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে গত মাসে ফ্রান্সে পাড়ি জমানোর পর পিএসজির হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছিলেন মেসি। তবে জালের ঠিকানা অধরা রয়ে গিয়েছিল তার। দুবার অবশ্য তাকে হতাশ করেছিল ক্রসবার। তবে ম্যান সিটির বিপক্ষে অপেক্ষার অবসান হয়েছে তার। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২১তম লক্ষ্যভেদের মাধ্যমে পিএসজির হয়ে গোলের খাতা খুলেছেন তিনি।