রদ্রির শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে হারাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের সমতা ফেরাতে পারে দলটি। একটু পরই ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন নিয়ে খেলেও দারুণ রক্ষণ শৈলীতে সিটিজেনদের আটকে রেখেছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে সামান্য ভুলে গোল হজম করতে হয় তাদের। রদ্রির করা সেই গোলেই দারুণ এক জয় নতুন বছর শুরু করল শিরোপাধারীরা।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রদ্রির সঙ্গে সিটির হয়ে গোল পেয়েছেন রিয়াদ মাহরেজ। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

লিগে এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করল সিটি। ২১ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল তারা। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

প্রতিপক্ষের মাঠে এদিন মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখেই খেলতে থাকে সিটি। ৭১ শতাংশ সময় বল পায়ে ছিল তাদেরই। শটও নেয় ১৫টি। যার দুটি ছিল লক্ষ্যে। সে দুটি থেকেই গোল পায় দলটি। অন্যদিকে ৭টি শটের ২টি লক্ষ্যে রাখতে পারে আর্সেনালও।

তবে ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দলই। ৩১তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বাঁ প্রান্ত থেকে কিয়েরান টিয়েরনির পাস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন সাকা।

দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান মাহরেজ। বের্নার্দো সিলভাকে ডি-বক্সে আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা ফাউল পেনাল্টি পায় সিটি। যদিও শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় সফরকারীরা।

দুই মিনিট পর বড় ধাক্কা খায় আর্সেনাল। গাব্রিয়েল জেসুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি পায় সিটি। বাঁ প্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনার ক্রস বেন হোয়াইট ঠিকভাবে ফেরাতে না পারলে ফাঁকায় পেয়ে যান রদ্রি। আলতো টোকায় বল জালে পাঠালে এগিয়ে যায় সিটিজেনরা।