রিয়ালকে বিদায় বলা মার্সেলোর প্রতি রোনালদোর আবেগপূর্ণ বার্তা
সাফল্যের সঙ্গে প্রায় ১৬ মৌসুম কাটিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বেঁধে একসময় প্রতিপক্ষ দলগুলোর রক্ষণে ভীতি ছড়াতেন তিনি। মাঠের বাইরেও তাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ়। মার্সেলোর বিদায়ের ক্ষণে আবেগঘন বার্তায় তাকে ভবিষ্যতের জন্য উৎসাহ দিলেন রোনালদো।
২০০৭ সালের জানুয়ারিতে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সে ছেড়ে রিয়ালে যোগ দেন মার্সেলো। বাকিটা ইতিহাস। নিজেকে বিশ্বের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রচুর দলীয় সাফল্য উপভোগ করেন মার্সেলো। লস ব্লাঙ্কোসদের হয়ে ২৫টি শিরোপা জিতেছেন তিনি। সদ্যসমাপ্ত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর তিনি বলেছিলেন, রিয়ালের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সোমবার সংবাদ সম্মেলনে তার কাছ থেকে আসে ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।
৩৪ পেরিয়ে যাওয়া মার্সেলোর উদ্দেশে বিদায়ী বার্তা দিচ্ছেন রিয়ালের বর্তমান ও সাবেক তারকারা। সেই তালিকায় আছেন এখন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করা রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেলোর সঙ্গে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে তার, আছে অনেক সুমধুর স্মৃতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রোনালদো লিখেছেন, 'সে (মার্সেলো) কেবল একজন সতীর্থের চেয়ে বেশি কিছু। সে আমার ভাই, যাকে ফুটবলের মাধ্যমে আমি পেয়েছি। মাঠ ও মাঠের বাইরে সে অন্যতম সেরা তারকাদের একজন, যার সঙ্গে আমি ড্রেসিং রুম ভাগাভাগি করার আনন্দ পেয়েছি। নতুন অভিযানে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো।'
নতুন গন্তব্য সম্পর্কে এখনও কোনো আভাস দেননি মার্সেলো। তবে বুটজোড়া যে এখনই তুলে রাখছেন না তা নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে, 'আমি খেলতে থাকব। আমি মনে করি, আমি খেলা চালিয়ে যেতে পারব। আমার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু জানানোর থাকলে সেটা নিয়ে আমি (সামাজিক যোগাযোগ মাধ্যম) ইন্সটাগ্রামে কথা বলব।'
আগামীতে যদি রিয়ালের বিপক্ষেও মাঠে নামতে হয়, তাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না মার্সেলো। পেশাদারিত্বের জায়গা থেকে আবেগকে পাশে সরিয়ে রাখার কথা জানিয়েছেন তিনি, 'যদি কখনও আমাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হয়, কোনো সমস্যা হবে না। কারণ, আমি একজন পেশাদার খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ আমাকে শিখিয়েছে কীভাবে পেশাদার হতে হয়।'