রিয়ালকে রুখে দিল আমেরিকা
বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে প্রাক-মৌসুম শুরু করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচে এসেও জয় পায়নি দলটি। মেজর সকার লিগে টেবিলের তলানিতে থাকা দুর্বল আমেরিকার বিপক্ষেও ড্র করেছে তারা।
সানফ্রান্সিস্কোর এটিঅ্যান্ডটি পার্কে প্রীতি ম্যাচে আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। রিয়ালের হয়ে গোল পেয়েছেন করিম বেনজেমা ও এদেন হ্যাজার্ড। আমেরিকার হয়ে গোল করেছেন হেনরি মার্টিন ও আলভারো ফিডালগো।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। মিগুয়েল লাউনের পাস থেকে লক্ষ্যভেদ করেন মার্টিন। ২২তম মিনিটে সে গোল পরিশোধ করেন বেনজেমা। প্রথম ম্যাচে বার্সার বিপক্ষে মাঠে ছিলেন না তিনি। এদিন ফিরেই দলকে সমতা এনে দেন। মার্কো আসেনসিও কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশের আট জন খেলোয়াড় পরিবর্তন করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তারপরও ১০ মিনিট না যেতেই এগিয়ে যায় দলটি। গোল পান হ্যাজার্ড। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। ডি-বক্সে লুকাস ভাসকেজকে আমেরিকার সালভাডর রায়েস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৬১তম মিনিটে দলের সাত খেলোয়াড় পরিবর্তন করেন আমেরিকা কোচও। তাতে সফলতা মেলে দলটির। ৮২তম মিনিটে বদলি খেলোয়াড় ফিদালগো দলকে সমতায় ফেরান। সফল স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ডি-বক্সে তাকে রিয়ালের ভিনিসিয়ুস তোবাইস ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিছুটা চাপ সৃষ্টি করেছিল রিয়াল। ভালো কিছু সুযোগও ছিল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ও রিয়াল ফরোয়ার্ডদের ব্যর্থতায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
আগামী রোববার পরবর্তী প্রীতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।