রিয়ালের বিপক্ষে দেখা যাবে বার্সার সেই গোলমেশিন মেসিকে?
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৫ বার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। সবগুলো ম্যাচই তিনি খেলেছেন বার্সেলোনার হয়ে। আর সেটা হবে না-ই বা কেন! দুই দশকের বেশি সময় সময় তো তিনি ছিলেন কাতালান ক্লাবটিতেই। উদীয়মান ফুটবলার হিসেবে বেড়ে ওঠা, বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে মূল দলে জায়গা করে নেওয়া, তারকাখ্যাতি পাওয়া, সাফল্যের চূড়ায় ওঠা- সবই তার বার্সার জার্সিতে। কিন্তু রিয়ালের বিপক্ষে নিজের ৪৬তম ম্যাচে মেসিকে দেখা যাবে ভিন্ন একটি ক্লাবের খেলোয়াড় তালিকায়। কারণ, তিনি আর ক্যাম্প ন্যুতে নেই, চলতি মৌসুমের শুরুতে হয়ে গেছেন পিএসজির।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুই পরাশক্তির জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা। আসরের নকআউট পর্বের শুরু দিকে রিয়াল ও পিএসজির দেখা হয়ে যাওয়াটা অবশ্য দল দুটির জন্য সুসংবাদ নয়। কোনো একটিকে আগেভাগে বাদ পড়ে বাকি অংশে দর্শক হয়ে থাকতে হবে। মাঠে ও মাঠের বাইরে সমর্থকরা তাই নিজ নিজ দলকে উজ্জীবিত করতে নিশ্চয়ই গলা ফাটানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে ম্যাচের ফলকে এক পাশে সরিয়ে রাখলে রিয়াল ও পিএসজির ভক্তদের পাশাপাশি গোটা বিশ্বের সকল ফুটবল অনুরাগীর আলাদা নজর থাকবে একজনের দিকে। নামটা যে মেসি, আলাদা করে বলে না দিলেও চলে। রিয়ালের সঙ্গে তার অর্জনের ভরপুর অতীত ইতিহাস আর পিএসজির জার্সিতে নতুন যাত্রায় বারবার হোঁচট খাওয়া- এই দুইয়ে মিলে।
ফরাসি ক্লাবটিতে পাড়ি জমানোর পর আর্জেন্টাইন মহাতারকা মেসিকে এখনও পাওয়া যায়নি পুরনো সেই চেনা ছন্দে। যারা আশা করেছিলেন, তুলনামূলক কম প্রতিযোগিতাপূর্ণ লিগে তিনি গোলের বন্যা বইয়ে দেবেন, তাদের অনেকেই এখন হতাশায় নিমজ্জিত। লিগ ওয়ানে ১৪ ম্যাচে তিনি পেয়েছেন কেবল ২ গোল। সতীর্থদের দিয়ে ৮ গোল করালেও তা গোলের ঘাটতিকে পুষিয়ে দিয়েছে বলার তো উপায় নেই।
ভাগ্যকে অবশ্য দোষারোপ করতে পারেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। তার অন্তত ৮টি শট বাধা পেয়েছে গোলপোস্টে কিংবা ক্রসবারে। তবে তার পারফরম্যান্স যে ওঠা-নামা করছে তা অস্বীকারের সুযোগ কোথায়! লিলের বিপক্ষে গত ৭ ফেব্রুয়ারি দারুণ খেলে গোল পেয়েছিলেন মেসি। রেনেঁর বিপক্ষে পরের ম্যাচেই দেখা মেলে উল্টো চিত্রের। রিয়ালের বিপক্ষে নামার আগে সেটাই ছিল পিএসজির শেষ ম্যাচ। মাঠে লম্বা সময় মেসি ছিলেন নিশ্চুপ। ড্রকেই যখন অবশ্যম্ভাবী ফল বলে মনে হচ্ছিল, তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নায়ক বনে যান কিলিয়ান এমবাপে। মেসি বলের যোগান দিলেও দুরূহ কাজটা সফলভাবে সারেন এমবাপেই।
চ্যাম্পিয়ন্স লিগে মেসির ফর্ম অবশ্য আশাবাদী করবে পিএসজিকে। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে এবার ৫ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। নতুন ঠিকানার হয়ে গত সেপ্টেম্বরে তার প্রথম গোলটি ছিল নজরকাড়া। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওই লক্ষ্যভেদে আলোড়ন উঠেছিল পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে। এরপর আরবি লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোলে দলকে বাঁচিয়েছিলেন তিনি। ম্যাচের ৫৭তম মিনিটে পিছিয়ে পড়েও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল প্যারিসিয়ানরা।
পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো থেকে শুরু করে দলটির সংশ্লিষ্ট সবার প্রার্থনা থাকবে চ্যাম্পিয়ন্স লিগের মেসির পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকুক। বিশেষ করে, প্রতিপক্ষ যখন রিয়াল, তখন তো আশার পারদ চড়ানোই যায়। যদিও তাদের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে গোল পাননি মেসি, তবু সম্মিলিত রেকর্ড তো কানায় কানায় পূর্ণ! লস ব্লাঙ্কোসদের বিপক্ষে খেলা ৪৫ ম্যাচের ১৯টিতেই জিতেছেন মেসি, হেরেছেন ১১টিতে। নিজে গোল করেছেন ২৬টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। তবে ম্যাচের ফল কিংবা গোল-অ্যাসিস্টের পাশাপাশি মেসির উদযাপনের ধরনও কাঁটা হয়ে বিঁধেছে রিয়ালের। ২০১৭ সালে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে বার্সাকে জিতিয়ে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নান্যুতে জার্সি খুলে যে নিরব উল্লাস তিনি করেছিলেন, তা হয়ে আছে স্মরণীয়।
মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির প্রতি ভরসার কথা জানিয়েছেন পচেত্তিনো, 'আগামীকালের (মঙ্গলবার রাতে) ম্যাচ নিয়ে দলের সবাই খুব উত্তেজিত ও অনুপ্রাণিত। যে কোনো উপায়ে তারা দলকে সাহায্য করতে চায়। মেসি ভালো আছে এবং দারুণ কিছু করতে মুখিয়ে আছ। গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সে কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে।'
সবকিছু মিলিয়ে মেসির সামনে বেশ কয়েকটি প্রশ্নের সমুচিত জবাব দেওয়ার মঞ্চ প্রস্তুত। রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক বছরগুলোর গোলখরা কাটাতে পারবেন? গত এক দশক ধরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নে বিভোর পিএসজিকে এবারের আসরে টিকিয়ে রাখার প্রথম ধাপটিতে আলো কেড়ে নিতে পারবেন? পিএসজির হয়ে তার উত্থান-পতনের যাত্রা কি রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়ে ডানা মেলবে কাঙ্ক্ষিত কক্ষপথে?
উত্তর জানা যাবে কয়েক ঘণ্টা পর। পার্ক দে প্রিন্সেসে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।