রিয়ালে খেলার স্বপ্ন দেখেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক

ফরাসি ক্লাব পিএসজিতে সুখেই আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। তবে চলতি মৌসুম শেষে তার অন্য কোথাও পাড়ি জমানোর গুঞ্জন শোনা যাচ্ছে। সেরকম কিছুই যদি লেখা থাকে ভবিষ্যতের পাতায়, তাহলে প্রশ্ন রাখা যেতে পারে, পারেদেস নিজে কী চাচ্ছেন? উত্তরে তিনি বলেছেন, তার স্বপ্ন হলো সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলা।

২০১৯ সালে রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গ ছেড়ে পিএসজিতে নাম লেখান পারেদেস। এরপর থেকে দলটির মাঝমাঠের প্রায় নিয়মিত মুখে পরিণত হয়েছেন তিনি। তবে চোটের কারণে এবারের মৌসুমে সেভাবে মাঠে নামার সুযোগ হয়নি ২৭ বছর বয়সী তারকার। লিগ ওয়ানে ১৫টি ম্যাচসহ সবমিলিয়ে তিনি খেলেছেন মাত্র ২২ ম্যাচ। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

প্যারিসিয়ানদের সঙ্গে পারেদেসের চুক্তি রয়েছে আগামী ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে তার ক্লাব পাল্টানোর আলোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। ধারণা করা হচ্ছে, পিএসজির জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। গত মাসে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন পারেদেস। চলমান ২০১১-২২ মৌসুম শেষ হওয়ার আগে তার ফেরার কোনো সম্ভাবনা নেই।

দলবদলের জল্পনা-কল্পনার মাঝে নিজ দেশের গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বলেছেন রিয়ালে খেলার স্বপ্নের কথা, 'প্রত্যেক খেলোয়াড়ই ওই জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখে। তারা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাব। তবে বর্তমান ক্লাব পিএসজির প্রতি আমার প্রগাঢ় সম্মান রয়েছে। আমি এখানে আনন্দে আছি।'

গত বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানো রিয়ালের হয়ে খেলতে পারেদেস মুখিয়ে থাকলেও তার ইতালিতে ফেরার সম্ভাবনার কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। তাকে পেতে আগ্রহী ক্লাবদের তালিকায় উচ্চারিত হচ্ছে জুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলানের নাম। এর আগে সিরি আতে শিয়েভো ভেরোনা, এএস রোমা ও এম্পোলির হয়ে খেলেছেন তিনি।