রোনালদোকে বেঞ্চে রাখার ব্যাখ্যা দিলেন ইউনাইটেড কোচ
বার্নলির বিপক্ষে আগের দিন মূল একাদশে ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক। কিন্তু তাতে কোনো লাভ হয়নি দলটির। তলানিতে থাকা বার্নলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয়েছে ইউনাইটেডকে। তবে এ ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাহার ব্যাখ্যাটা দিয়েছেন কোচ।
মঙ্গলবার রাতে টার্ফ মুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অথচ প্রথমার্ধেই ইউনাইটেডকে এক বছরের বেশি সময় পর পাওয়া গোলে এগিয়ে দিয়েছিলেন পল পগবা। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি পরিশোধ করেন বার্নলির জয় রদ্রিগেজ।
তবে ম্যাচের প্রথমার্ধে এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছিল ইউনাইটেড। গোলও আদায় করে নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ উল্টো চিত্র। গোল হজম করে মাঝ মাঠের দখলও তারা। পরে ৬৮তম মিনিটে এদিসন কাভানির পরিবর্তে রোনালদোকে মাঠে নামিয়েছিলেন কোচ। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
পর্তুগিজ তারকাকে বেঞ্চ করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রাংনিক বলেছেন, তিনি বিশ্বাস করেন তার গেম প্ল্যানের সঙ্গে ভালো ভাবে মানানসই কাভানি। ম্যাচ শেষে এ কোচ বলেন, 'আজকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতো, বল তাড়া করতে হতো, দ্বিতীয় বলের জন্য অনেক লড়াই করতে হতো। এটা এদিনসন কাভানির প্রোফাইলের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই, তাই সে আজ শুরু করছে।'
সাম্প্রতিক সময়ে অবশ্য মাঠে বেশ সংগ্রাম করছেন রোনালদো। তার শেষ চারটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন। এমনকি এফএ কাপের ম্যাচে মিডলব্রোর বিপক্ষে পেনাল্টি মিস করেছেন তিনি। যে কারণে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ক্লাবটি।
চলতি মৌসুমে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ২৪টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন রোনালদো। এর মধ্যে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন তিনি।