রোনালদোকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যা দিলেন সুলশার
চলতি মৌসুমে অসাধারণ ছন্দে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর খেলা সব ম্যাচেই গোল পেয়েছেন। সেই খেলোয়াড়কে আগের দিন স্কোয়াডেই রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার। আর তার খেসারৎটা ভালোভাবেই দিয়েছে দলটি। হেরেই গেছে তারা। তবে ম্যাচ শেষে রোনালদোকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যা করেছেন কোচ।
বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে কারাবাও কাপের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের নবম মিনিটে আর্জেন্টাইন তারকা ম্যানুয়েল লানজিনির দেওয়া একমাত্র গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
এদিন ৬১ শতাংশ সময় বল পায়ে রেখে মোট ২৭টি শট নিয়েছিল রেড ডেভিলরা। যার মাত্র ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৯টি শট নিয়েই গোল পায় ওয়েস্ট হ্যাম। এতো এতো শট নিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে পরিষ্কারভাবেই রোনালদোর অভাব ফুটে ওঠে স্পষ্ট।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রোনালদোকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যা দেন কোচ সুলশার, 'রোববারের আগে আমরা (পরিবর্তনের ব্যাপারে) কম-বেশি সিদ্ধান্ত নিয়েছিলাম। ম্যাচ ফিট হওয়ার জন্য আমাদের আরও বেশি খেলোয়াড় প্রয়োজন। অ্যালেক্স তেলেস ফিরে এসেছে এবং এক সপ্তাহ ধরে সে অনুশীলন করছে। এটি একটি লম্বা মৌসুম হবে। ক্রিস্তিয়ানো রোনালদো এসেছে এবং এরমধ্যেই সে একটি পার্থক্য তৈরি করেছে, ও যতটা সম্ভব খেলতে চায় কিন্তু আমি মনে করি এটা সম্ভব নয়।'
মূলত দলের সেরা তারকাকে নিয়মিত না খেলিয়ে কিছুটা বিশ্রাম দেওয়াই লক্ষ্য ছিল সুলশারের লক্ষ্য। লম্বা এ মৌসুমে অনেক কঠিন সূচিতেও খেলতে হবে দলটিকে। সুলশারের ভাষায়, 'আপনি যদি শেষ পর্যন্ত সফল হতে চান, তাহলে আপনাকে পুরো দলকে ফিট পেতে হবে এবং সময় ভাগ করে নিতে হবে। অনেক পরিবর্তন করার ঝুঁকি রয়েছে কিন্তু আমরা বন্ধ দরজায় কিছু ম্যাচ খেলেছি এবং আশা করি আমরা ছন্দ খুঁজে পাব।'
চাপ কমাতে সাধারণত প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের বাইরে অন্য আসরে দলের সেরা তারকাদের বিশ্রাম দিয়ে থাকে যে কোনো দল। সুলশারও তাই করেছিলেন। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল তার।
উল্লেখ্য, ২০১৬-১৭ সালের পর কোনো শিরোপার মুখ দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সে মৌসুমে এই লিগ কাপ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।