রোনালদোকে স্বাক্ষরের গুঞ্জনে আতলেতিকো সমর্থকদের তীব্র বিরোধিতা
নতুন ক্লাবের খোঁজে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নাম জড়িয়েছে আতলেতিকো মাদ্রিদের। তবে এই গুঞ্জন মোটেও পছন্দ হচ্ছে না স্প্যানিশ ক্লাবটির ভক্ত-সমর্থকদের অনেকের। রোনালদোকে দলে টানার সম্ভাবনার তীব্র বিরোধিতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রচারণা চালাচ্ছেন তারা।
গত বছর ম্যান ইউনাইটেডে ফেরেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা রোনালদো। তবে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তার দ্বিতীয় অধ্যায়কে লম্বা করতে আগ্রহী নন তিনি। মাত্র এক মৌসুম কাটিয়ে রেড ডেভিলদের শিবির ছাড়তে চাচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ইতোমধ্যে ক্লাব ছাড়ার পরিকল্পনার কথা ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন রোনালদো। তবে তার চাওয়া পূরণ হওয়া নিয়ে রয়েছে জোরালো শঙ্কা। খুব কম সংখ্যক ক্লাবের পক্ষেই তার উচ্চ বেতন-ভাতা বহন করা সম্ভব। চেলসি ও বায়ার্ন মিউনিখে রোনালদোর যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও সেসব উড়িয়ে দিয়েছে তারা।
এমন পরিস্থিতিতে রোনালদোর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে আতলেতিকো। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, তাকে পেতে বেশ মরিয়া হয়েই চেষ্টা করছে দলটি। তার বেতন-ভাতা পরিশোধ করতে ফরাসি ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানকেও ছেড়ে দিতে চাইছে তারা। যদিও ৩৭ বছর বয়সী রোনালদো তার বেতন কমাতে রাজী হয়েছেন, তারপরও স্প্যানিশ লা লিগার আর্থিক কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে কিছু খেলোয়াড় ছাড়তে হবে আতলেতিকোকে।
ওয়ান্দা মেত্রোপলিতানোর দলটির সমর্থকদের বড় একটি অংশ অবশ্য একেবারেই ইতিবাচকভাবে গ্রহণ করেননি রোনালদোর আগমনের সম্ভাবনাকে। কারণ, তাদের শহর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের নাম। তাই টুইটারে 'হ্যাশট্যাগ কন্ট্রাসিআর সেভেন' ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করেছে তারা, যার বাংলা অর্থ দাঁড়ায় 'সিআর সেভেনের বিপক্ষে'। গত কয়েক দিন ধরে স্পেনে ট্রেন্ডিং রয়েছে এই হ্যাশট্যাগ।
ব্রিটিশ গণমাধ্যম সানের কাছে জোনাথান ফার্নান্দেজ নামের এক আতলেতিকো সমর্থক বলেছেন, 'ক্রিস্তিয়ানো রোনালদো আতলেতিকো মাদ্রিদের জার্সি পরতে পারেন না। এটা একদম সহজ একটি ব্যাপার। তিনি এমন একজন খেলোয়াড় যিনি আতলেতিকোর সমর্থকগোষ্ঠীকে অসম্মান করেছেন এবং তাদেরকে নিয়ে বিদ্রূপ করেছেন।'
বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে আতলেতিকোর বিপক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলেছেন রোনালদো। তাদের বিপক্ষে ৩৭ ম্যাচের ১৭টিতে জেতার পাশাপাশি ২৫ গোল করেছেন তিনি। জুভেন্তাসে থাকাকালে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আতলেতিকোর সমর্থকদের চক্ষুশূল হয়েছিলেন রোনালদো। প্রথম লেগে আতলেতিকোর মাঠে ২-০ গোলে হারের পর হাতের 'পাঁচ আঙুল' উঁচু করে দেখিয়েছিলেন তিনি। রোনালদো বুঝিয়েছিলেন যে তার নামের পাশে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ থাকলেও আতলেতিকোর নেই একটিও। এরপর দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে জুভদের ৩-০ গোলে জিতিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি।