রোনালদোর এটিই শেষ বিশ্বকাপ নয়?

By স্পোর্টস ডেস্ক

বয়স ৩৭ পেরিয়ে গেছে। ফুটবলে এমন  বয়সে খেলা ছেড়ে দেন অনেকেই। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো এই বয়েসেও যেন টগবগে ফুটছেন। সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস থাকায় চলতি বিশ্বকাপ তো বটেই এরপরেও রোনালদোর খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাকা।

৩৭ বছর বয়েসে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। ২০২৬ সালে পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪১। বিস্ময়কর হবে তার সেই বিশ্বকাপে খেলা। মানুষটা রোনালদো বলেই কাকা দেখছেন সম্ভাবনা।

ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাতকারে রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থের আগামী নিয়ে এই ফরোয়ার্ড বেশ আশাবাদী, 'রোনালদো এখন আরেকটি বিশ্বকাপ খেলার সামনে দাঁড়িয়ে, এবং সে খেলবে। এরপরেও খেলবে কিনা নির্ভর করবে শারীরিক ফিটনেসের উপর। এবং সে কীভাবে নিজেকে অনুপ্রাণিত করে তার উপর।'

২০০২ সালে ব্রাজিল সর্বশেষ যেবার বিশ্বকাপ জেতে, সেই স্কোয়াডে ছিলেন ২০ বছরের কাকা। এরপর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে দলে মূল তারকা ছিলেন তিনি। জায়গা পাননি ২০১৪ বিশ্বকাপ দলে।

ইচ্ছা থাকার পরও টানা চারটি বিশ্বকাপ খেলা হয়নি কাকার। সেদিক থেকে রোনালদো এখনি কত এগিয়ে। পঞ্চম বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন। রোনালদোর বিশ্বকাপ ইতি তাই এখনি করতে রাজী নন ব্রাজিলিয়ান তারকা,  'যদি ভুল না করি এটি তার পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে। সত্যিই দারুণ। আমার তো ইচ্ছে হয় সে যেনো আরও তিন বিশ্বকাপ খেলতে পারে (হাসি।' দেখা যাক। আশা করি এবার সে ভালো করবে এবং ঠাণ্ডা মাথায় আগামীর সিদ্ধান্ত নিতে পারবে।'