'রোনালদোর মতো একজন হিটম্যান' মিস করছে জুভেন্টাস: ডি লিট

স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানোর রোনালদোর জুভেন্টাস ছাড়া নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। জিয়র্জিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, জিয়ানলুইজি বুফনদের মতো সিনিয়র তারকারা ব্যাপারটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখেছেন। তবে দলের তরুণ তারকা মাতাইস ডি লিট স্বীকার করেছেন রোনালদোর মতো একজন হিটম্যান মিস করছে জুভেন্টাস।

আগের মৌসুমেও সিরিআর সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনালদো। যদিও সেরা গোলদাতা হওয়ার পর প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি জুভেন্টাস। উল্টো প্রায় নিজেদের করে নেওয়া স্কুদিত্তো হাতছাড়া করতে হয়েছে ইন্টার মিলানের কাছে।

তবে রোনালদো দল ছাড়ার পর এ মৌসুমেও একই দশা জুভেন্টাসের। মৌসুমের শুরু থেকেই ধুঁকছে দলটি। তবে ধীরে ধীরে কিছুটা গুছিয়ে উঠতে পেরেছে তারা। আগের দিন উদিনেসের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে দারুণ জয় পেয়েছে তারা। কাটিয়ে উঠেছে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের ধাক্কা।

কিছুটা গুছিয়ে উঠতে পারলেও এখনও নিজেদের আগ্রাসন ফিরে পায়নি জুভেন্টাস। বিশেষ করে এ মৌসুমে এখনও বড় কোনো জয় মিলেনি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মনোভাব এ মৌসুমে দেখতে না পারার কারণ কি রোনালদোর দল ছাড়া? ম্যাচ শেষে এমন প্রশ্নই করা হয় ডি লিটকে।

উত্তরে এ ডাচ তারকা বলেন, 'হ্যাঁ, আমি তাই মনে করি। ক্রিস্তিয়ানো এমন একজন খেলোয়াড় যে বক্সে থাকে এবং সবসময় গোল পায়। সে খুব কম সুযোগই নষ্ট করে। মৌসুমের শুরু থেকেই আমরা সেটা মিস করেছি।'

রোনালদোর অনুপস্থিতিটা দলের সবার মিলিতভাবে পুষিয়ে দেওয়ার আহ্বান জানান ডি লিট, 'আমাদের এমন একজন হিটম্যান নেই যে প্রতি মৌসুমে ৩০টি গোল করতে পারে, তবে আমাদের প্রত্যেকের এবং সবসময় গোল করতে হবে, যা এখন ঘটতে শুরু করেছে।'

তবে দলের জয়ে দারুণ খুশি এ তরুণ, 'এটি আজ আমাদের জন্য দারুণ একটি জয় ছিল। আমাদের এখনও অনেক কিছু আছে যেখানে উন্নত করা দরকার, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা জিতেছি। আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, আমরা শেষ আটটি সিরিআর ম্যাচের মধ্যে ছয়টি জিতেছি এবং সেখানে পৌঁছে যাচ্ছি।'

অন্যদিকে, উদিনিসির বিপক্ষে ২-০ গোলের জয়ের পরও তৃপ্ত নন মাসসিমিলিয়ানো আলেগ্রি। দলে এখনও পরিপক্বতা এবং অভিজ্ঞতার অভাব দেখছেন তিনি। কোচের এ দৃষ্টিভঙ্গির কারণও ব্যাখ্যা করেছেন এ তরুণ, 'আমি কোচকে এটা বলতে শুনেছি এবং আমি বুঝতে পেরেছি যে সে কী বোঝায়, কারণ আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে।'

'আমিও অল্পবয়সী, অন্তত বয়সের দিক থেকে। তবে আমি এরমধ্যেই সিনিয়র লেভেলে প্রায় ২৫০টি ম্যাচ খেলেছি, তাই কিছু অভিজ্ঞতা আছে। আপনি যত বেশি ম্যাচ খেলেন তত দ্রুত আপনি পরিণত হবেন।' - যোগ করেন ডি লিট।