'রোনালদো ইউনাইটেডে থাকতে চায় কিনা তা দেখাও গুরুত্বপূর্ণ'
৩৭ বছরের ক্রিস্তিয়ানো রোনালদো চলতি মৌসুমেও গোলের পর গোল করে চলেছেন। কিন্তু তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নেই ছন্দে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকার সম্ভাবনা তাদের নেই বললেই চলে। তেমনটা ঘটলে আগামী মৌসুমে রেড ডেভিলদের দেখা যাবে না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। আর ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে তারা খেলতে না পারলে রোনালদো থাকবেন তো ওল্ড ট্র্যাফোর্ডে?
পর্তুগালের ফরোয়ার্ড রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। পরের মৌসুমে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকার গায়ে ইউনাইটেডের জার্সিই শোভা পাবে নাকি ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা ফুটবলার বেছে নেবেন নতুন কোনো ঠিকানা? ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকও খুঁজছেন এই প্রশ্নের উত্তর।
চেলসির বিপক্ষে বৃহস্পতিবার রাতের লিগের ম্যাচের পর ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসকে রাংনিক বলেছেন, ক্লাবটির নতুন কোচ এরিক টেন হাগ ও বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন তিনি, 'আমাদের মধ্যে এটা (রোনালদোর ভবিষ্যৎ) নিয়ে কথা বলতে হবে। এরিক (টেন হাগ), আমি ও বোর্ডের মধ্যে।'
পিছিয়ে পড়েও রোনালদোর লক্ষ্যভেদে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির সঙ্গে ড্র করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ছয় নম্বরে থাকা দলটির পয়েন্ট ৩৫ ম্যাচে ৫৫। আসরে টানা তিন ম্যাচে জয়হীন রয়েছে তারা। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৫ পয়েন্টে। গানাররা আবার দুই ম্যাচ কম খেলেছে ইউনাইটেডের চেয়ে।
এবারের মৌসুমের শুরুতে জুভেন্তাস ছেড়ে দুই বছরের চুক্তিতে পুরনো ক্লাব ইউনাইটেডে নাম লেখান রোনালদো। অর্থাৎ আরও এক বছর তার থাকার কথা ইংল্যান্ডের সফলতম দলটিতে। তবে শিষ্য নিজে কী চাইছেন সেটা খুঁজে বের করার প্রয়োজনীয়তা অনুভব করছেন জার্মান কোচ রাংনিক, 'ক্রিস্তিয়ানোর আরও এক বছরের চুক্তি রয়েছে। ক্রিস্তিয়ানো কী করতে চায় এবং সে (ইউনাইটেডে) থাকতে চায় কিনা তা দেখা ও খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ।'
ইউনাইটেডকে সাম্প্রতিক সময়ে একাই টানছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। ক্লাবটির সবশেষ ৯ গোলের ৮টিই করেছেন তিনি। ১৭ গোল নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে রয়েছে ২৩ গোল। অনিশ্চয়তা থাকলেও এখনই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বলার মানে দেখছেন না রাংনিক, 'আমি এখন পর্যন্ত এরিকের সঙ্গে কথা বলতে পারিনি এবং এই মুহূর্তে (রোনালদোর ভবিষ্যৎ) সম্পর্কে কথা বলার কোনো মানে হয় না।'
লিগে ম্যান ইউনাইটেডের পরের ম্যাচ নিজেদের মাঠেই, ব্রেন্টফোর্ডের বিপক্ষে। আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে দুই দল।