রোনালদো নয়, গার্দিওলার হাতেই শিরোপা দেখতে চান কোহলি
বিরাট কোহলি ম্যানচেস্টার সিটির সমর্থক! অবিশ্বাস্য শোনালেও সাম্প্রতিক সময়ের সামাজিকমাধ্যমে দেওয়া এ ভারতীয় টেস্ট অধিনায়কের বার্তা এমনই।
পেশাদার দুনিয়া কতো কিছুই না বদলে দেয়। কোহলির প্রিয় ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। তার ভক্তরা এ সংবাদ খুব ভালো করেই জানেন। সে ধারায় সমর্থন করেন রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু পেশাদারিত্বের তাগিদে রোনালদোদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির হাতে এবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দেখতে চান কোহলি।
রোববার সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তায় সিটি ম্যানেজার পেপ গার্দিওলাকে সরাসরি শুভেচ্ছা জানান কোহলি। মজার ব্যাপার সেখানে ম্যানসিটিকে নিজের 'ঘর' হিসেবে উল্লেখ করেন তিনি। পুনরায় তাদের হাতেই খেতাব 'ঘরে' নিয়ে আসার আশাবাদ প্রকাশ ভারতীয় টেস্ট অধিনায়ক।
নিজের আপলোড করা সে ভিডিওতে ইংরেজি ও পাঞ্জাবি দুই ভাষা মিলিয়ে ম্যান সিটি ও গার্দিওলাকে শুভেচ্ছা জানান কোহলি। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, 'পেপ, আশা করছি তুমি ভাল আছ। গত মৌসুমটা দারুণ ছিল এবং এই মৌসুমের শুরুটাও দারুণভাবে করেছো তোমার।'
এরপরেই পাঞ্জাবিতে প্রায় একই কথার পুনরাবৃত্তি করেন তিনি, 'পেপ দারুণ কাজ করছ তুমি। এ বছরও কিন্তু খেতাবটা ঘরে নিয়েই ফিরতে হবে।'
তবে এ সব কিছু সম্ভব হয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার সৌজন্যে। কোহলি ও গার্দিওলার দুইজনেরই স্পন্সর এ স্পোর্টস ব্র্যান্ডটি। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির জার্সি স্পন্সরও তারা। যে কারণে প্রতিষ্ঠানটির প্রচারণা চালাতেই এমন ভিডিও আপলোড দেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
এর আগে আইপিএল চলাকালীন সময়ে কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে অনেকটা একই রকমভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন গার্দিওলা। করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালীন সময়ে একে অপরের সঙ্গে ভার্চুয়ালি সামাজিকমাধ্যমে কথা বলতেও দেখা গেছে দুইজনকে।